ভিনরাজ্যে আটকে পড়া পরিযায়ী শ্রমিকদের পাশে বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার ১৪ এপ্রিল বান্দ্রার ঘটনা দেখে মুখ্যমন্ত্রী কথা বলেন মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরের সঙ্গে, করোনা মোকাবিলায় তাঁর পাশে থাকার আশ্বাস দেন। বুধবার তিনি নবান্নে জানান, খাড়ে কয়েকজনের সঙ্গে কথা বলেছি, এখান থেকে টাকা পাঠানো তো কঠিন। তবে, ওখানকার কারও মাধ্যমে সাহায্য করছি। সুরাট, দিল্লিতেও অনেকে আটকে আছেন। তাঁদের সঙ্গে যোগাযোগ করা হলেও আমরা ঠিক সাহায্য করব। চিকিৎসা করাতে গিয়েও অনেকে আটকে আছেন অনেক জায়গায়। সব তো নজরে আসে না। এলেই আমরা সাহায্য করব। আমাদের গরিব সরকার। যতটুকু পারব, সাহায্য করব।
বিরোধীদের উস্কানির তীব্র নিন্দা করে মমতা বন্দ্যোপাধ্যায় জানান, ইচ্ছে করলে যে কোনও জায়গা কোয়ারেন্টিনের জন্য নিতে পারে সরকার, হাসপাতালও করতে পারে। কোনও স্বাস্থ্যকর্মীকেও সামাজিক বয়কট করা ঠিক নয়।
