সম্প্রতি সংবাদমাধ্যমে একটি খবর সকলের নজরে এসেছিল। জলপাইগুড়ি জেলার মালবাজার মহকুমার ক্ষুদিরামপল্লীর বাসিন্দা দীনেশ সেনের মেধাবি পুত্র মাল আদর্শ বিদ্যাভবনের ছাত্র উচ্চমাধ্যমিক পরীক্ষার্থী অভাবের তাড়নায় রাস্তায় বসে ডিম বিক্রি করছেন। লকডাউনে সংসারের পাশে দাঁড়াতে স্কুলের ফার্স্ট বয় অয়ন সেনকে রাস্তায় এভাবে ডিম বিক্রি করার খবরটি মন্ত্রী শুভেন্দু অধিকারীর নজরে আসে।

তিনি তাঁর এক পরিচিত দলীয় কর্মী মারফত ওই পড়ুয়ার খোঁজখবর নেন, চেয়ে পাঠান ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর। শুভেন্দুবাবুর প্রতিনিধি রবিবার ১৯ এপ্রিল ওই পড়ুয়া ও তাঁর বিদ্যালয়ের প্রধান শিক্ষকের সঙ্গে কথা বলে ব্যাঙ্ক অ্যাকাউন্ট নম্বর শুভেন্দুবাবুর কাছে পাঠান। সোমবার সকালেই ওই পড়ুয়া অয়ন সেনের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ২০ হাজার টাকা পাঠিয়ে দেন শুভেন্দু অধিকারী। ওই জেলায় তাঁর প্রতিনিধিকে শুভেন্দুবাবু সে কথা জানিয়ে বলেন, অয়নকে বলো আমি পাশে আছি, ও যেন ভালোভাবে পড়াশোনা চালিয়ে যায়। অভাবের তাড়নায় যেন কোনও প্রতিভাকে হারিয়ে যেতে না হয় সেই খেয়াল রেখো।