কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রকের তরফে সোমবার ২০ এপ্রিল জানানো হয়েছে, করোনা মোকাবিলায় লকডাউন মানা হচ্ছে কিনা তা সরেজমিনে দেখতে কয়েকটি রাজ্যে হটস্পটগুলিতে প্রতিনিধিদল পাঠানো হবে। মোট ৬টি প্রতিনিধিদল গঠন হয়েছে। এরপর জানা যায় বাংলায় জোড়া প্রতিনিধিদল পাঠানো হচ্ছে। একটি প্রতিনিধিদল পরিদর্শন করবে কলকাতা, হাওড়া, পূর্ব মেদিনীপুর ও উত্তর ২৪ পরগনায়। আরেকটি প্রতিনিধিদল যাবে দার্জিলিং, জলপাইগুড়ি ও কালিম্পঙে। সবচেয়ে যেটা অবাক করছে তা হলো, সম্প্রতি জলপাইগুড়ি ও কালিম্পংকে করোনামুক্ত জেলা হিসেবে ঘোষণা করেছিল কেন্দ্রীয় সরকারই। তারপরেও সেখানে কীভাবে পরিস্থিতি খুব সিরিয়াস বলে চিহ্নিত হতে পারে?


কেন্দ্রীয় সরকারের এই পদক্ষেপ তাঁর কাছেও স্পষ্ট নয় বলে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি টুইটে লেখেন, করোনা মোকাবিলায় কেন্দ্রীয় সরকারের সহযোগিতা ও গঠনমূলক পরামর্শ মেনে এগোচ্ছে রাজ্য সরকার। কিন্তু ডিজাস্টার ম্যানেজমেন্ট অ্যাক্ট ২০০৫-এর মাধ্যমে যে কেন্দ্রীয় প্রতিনিধিদল বাংলা-সহ কয়েকটি রাজ্যে পাঠানো হচ্ছে তার যুক্তি এখনও স্পষ্ট নয়। কীসের ভিত্তিতে এই পদক্ষেপ তা প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের কাছে জানতে চেয়েছেন মুখ্যমন্ত্রী। সঠিক কারণ দেখাতে না পারলে এই পদক্ষেপ যে যুক্তরাষ্ট্রীয় কাঠামোর পরিপন্থী, তাও সাফ জানিয়ে দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়।