সম্প্রীতি আর মানবিকতার অসামান্য নজির। এ ধরনের ঘটনা এ রাজ্যে আগে ঘটলেও করোনা আবহে কালনার বৈদ্যপুরে যা হলো করোনা-আবহে তা নিঃসন্দেহে দৃষ্টান্তমূলক। কালনা ২ নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি প্রণব রায় জানিয়েছেন, সোমবার ২০ এপ্রিল সন্ধ্যায় বৈদ্যপুর গ্রামের বাসিন্দা বছর ৫৫-র শান্তিলালা মুখোপাধ্যায় আন্ত্রিকে আক্রান্ত হয়ে মারা যান।

এরপর সেই মৃতদেহ নিয়ে শ্মশানে যাওয়ার লোক পাওয়া যাচ্ছিল না। দেহের ১০০মিটার দূরে শতাধিক মানুষ দাঁড়িয়ে থাকলেও করোনার ভয়ে কেউ এগিয়ে আসেননি। তখন বৈদ্যপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি ও পঞ্চায়েত প্রধান মিজানুর রহমানের নেতৃত্বে দলীয় কর্মী ফারুক শেখ, ইলিয়াস মল্লিক, মকবুল শেখ, সাইফুল রহমান, আতিকরা এগিয়ে আসেন। তাঁরাই মৃতদেহ গাড়িতে তুলে নিয়ে যান কালনা শ্মশানে। সেখানে ওই দেহ দাহ করে এসে তাঁরা দেখিয়ে দিলেন মানবতা কাকে বলে। এটাই আমাদের বাংলা।