দুপুর থেকে কলকাতার বিভিন্ন জায়গায় গিয়ে গাড়িতে বসেই লকডাউনের নিয়ম মেনে সকলকে সচেতন করছিলেন মুখ্যমন্ত্রী। হঠাৎ তিনি দেখতে পান কয়েকজন সাফাইকর্মী রাস্তার ধারে কাজ করছেন। তাঁদের দেখেই নেমে পড়েন মুখ্যমন্ত্রী। দেখেন তাঁদের মুখের মাস্ক খুব একটা ভালো নয়, হাতে গ্লাভসও নেই।

এরপর তিনি তাঁদের হাতে কাপড়ের মাস্ক তুলে দিয়ে বলেন, এগুলি জলে ধুয়ে নেওয়া যাবে। অনেকে মাস্ক পরতে পারছিলেন না, কীভাবে পড়তে হয় তাও দেখিয়ে দেন মুখ্যমন্ত্রী। এরপর সকলের হাতে গ্লাভস দিয়ে মুখ্যমন্ত্রী দেখিয়ে দেন যে ঝাঁটা দিয়ে তাঁরা রাস্তা পরিষ্কার করেন সেটিকে কীভাবে স্যানিটাইজ করতে হবে, ধরতেই বা হবে কীভাবে। করোনা যুদ্ধে নেতৃত্ব দেওয়া একজন মুখ্যমন্ত্রী পথে নেমে যেভাবে সহমর্মিতার পরিচয় দিলেন, হাতে ধরে দেখালেন কীভাবে কাজ করতে হবে, তাতে আপ্লুত সাফাইকর্মীরা।



