দেশমাতৃকাকে ঐক্যবদ্ধ দেখতেই ভালো লাগে। মায়ের কখনও সাদা-কালো, ছোটো-বড়ো হয় না। আমাদের জন্মভূমিই মাতৃভূমি। আমরা তাই ঐক্যবদ্ধ ভারত, ঐক্যবদ্ধ বঙ্গভূমি দেখতে চাই। সেজন্য সকলকে নিয়ে লড়াই চালিয়ে যাব, লড়াই যত কঠিনই হোক না কেন। শুক্রবার ২১ ফেব্রুয়ারি ২০২০ দক্ষিণ কলকাতার দেশপ্রিয় পার্কে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের অনুষ্ঠান মঞ্চ থেকে এ কথাই বলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, ভাষা দিবস সার্থক হবে ‘ইউনাইটেড ইন্ডিয়া’ থাকলে। আমরা সকলে ঐক্যবদ্ধ থাকতে চাই। বৈচিত্র্যের মধ্যে ঐক্যই আসল কথা। মুখ্যমন্ত্রী আরও বলেন, এই অল্প সময়ে সাহিত্যচর্চা সম্পূর্ণ হয় না। তাই এই অনুষ্ঠান রাতভর আয়োজনের ভাবনা রয়েছে।

