লকডাউনে আটকে পড়ে বহু মানুষ নিজেদের রাজ্যে ফিরতে পারছেন না। এঁদের বেশিরভাগ পরিযায়ী শ্রমিক। পড়ুয়া, পর্যটক, পুণ্যার্থী, এমনকী বিদেশ থেকে আসা ব্যক্তিরা রয়েছেন। তাঁদের নিজেদের রাজ্যে ফেরাতে ট্রেন চালানোর সিদ্ধান্ত নিল কেন্দ্রীয় সরকার। শুক্রবার ১ মে তেলেঙ্গানার লিঙ্গমপল্লী থেকে পরিযায়ী শ্রমিকদের নিয়ে ঝাড়খণ্ডের হাতিয়ার উদ্দেশ্যে রওনা দিয়েছে বিশেষ ট্রেন।

সকলের স্বাস্থ্য পরীক্ষা করে তবে ট্রেনে ওঠার অনুমতি দেওয়া হয়। ভারতীয় রেল মন্ত্রকের তরফে জানানো হয়েছে, যে রাজ্য থেকে অন্য রাজ্যে ট্রেনগুলি যাবে সেই প্রক্রিয়া দেখার জন্য নোডাল অফিসার নিয়োগ করা হবে। কবে কোথা থেকে কোথায় ট্রেন যাবে, ট্রেনের টিকিট বিক্রি কবে শুরু হবে, ট্রেনগুলিতে ও স্টেশনগুলিতে কীভাবে সোশ্যাল ডিসট্যান্সিং মানতে হবে সেই সংক্রান্ত নির্দেশিকা জারি করবে ভারতীয় রেল।
