জেলার গরিব, প্রান্তিক মানুষের কাছে খাবার পৌঁছে দিতে অভিনব উদ্যোগ নিলো দক্ষিণ চব্বিশ পরগনা জেলা জয় হিন্দ বাহিনী। আপৎকালীন পরিস্থিতিতে সঙ্কট মোকাবিলা করতে প্রধানত সরকার বা প্রশাসনকে টাস্ক ফোর্স গঠন করতে দেখা যায়। কিন্তু কোনো দলের জেলা স্তরের শাখা সংগঠনের টাস্ক ফোর্স তৈরির উদ্যোগ কিছুটা ব্যতিক্রম তো বটেই।
কেন এমন উদ্যোগ গ্রহণ? জেলা জয় হিন্দ বাহিনীর সভাপতি পল্লব ঘোষ জানালেন, সারা দেশের মতো আমাদের বাংলায় করোনার কারণে একটানা লকডাউন চলছে। এই অবস্থায় কঠিন পরিস্থিতির মধ্যে পড়েছেন বাংলার দিন আনা-দিন খাওয়া পরিবারগুলো। এই সব মানুষগুলো কাজ হারানোর ভয়ে দিন কাটাচ্ছেন। যেটুকু আয় হয়েছিল তাও শেষ হয়ে যাওয়ার মুখে। তাই তাঁদের পাশে দাঁড়ানোই আমাদের সংগঠনের একমাত্র লক্ষ্য। আমরা ১২-১৫ জন সদস্যদের নিয়ে একটা টিম তৈরী করেছি। দক্ষিণ চব্বিশ পরগনা জেলায় যারা অভুক্ত রয়েছেন তাঁদের কাছে খাদ্য সামগ্রী পৌঁছে দেব আমরা। আমরা একটি ফোন নম্বর দিচ্ছি। নম্বরটি হলো-9830055034. অনুরোধ করছি, যাঁরা অভুক্ত রয়েছেন তাঁরা কোনো কুন্ঠাবোধ না করে নির্দ্বিধায় ফোন করে নাম, ঠিকানা জানান। সময় মতো চাল, ডাল, আলু, পেঁয়াজ এই সব খাদ্যসমগ্রী পৌঁছে দেওয়ার দায়িত্ব আমাদের। এই কঠিন সময়ে আমাদের একসাথে লড়াই করতে হবে। তবেই জয় আসবে।
ইতিমধ্যে বেশ কয়েকটি গরিব পরিবার থেকে ফোন পেয়ে তাঁদের খাবার পৌঁছে দিয়েছে জেলা জয় হিন্দ বাহিনী। পল্লব আরো জানান, প্রত্যন্ত গ্রামে অনেকে খুব দরকারি ওষুধ পাচ্ছেন না। তাঁরাও এই নম্বরে যোগাযোগ করলে ওষুধ পৌঁছে দেওয়া হবে।