বিশ্বের সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএল। ১৯ সেপ্টেম্বর শুরু হচ্ছে ২০২০ আইপিএল। বহু প্রতীক্ষিত এ টুর্নামেন্ট কোনো ঝক্কি ঝামেলা না পোহালে শেষ হবে ১০ নভেম্বর। কিন্তু কবে কার ম্যাচ সেটা জানাতে একটু অপেক্ষা করতে হচ্ছিল। আজ সে অপেক্ষার পালা ফুরিয়েছে। ত্রয়োদশ আইপিএলের পূর্ণাঙ্গ সূচি জানিয়ে দিয়েছে টুর্নামেন্ট কর্তৃপক্ষ। গত দুই বারের চ্যাম্পিয়নের ম্যাচ দিয়ে শুরু হচ্ছে এবারের আইপিএল। প্রথম ম্যাচেই দেখা হচ্ছে বর্তমান চ্যাম্পিয়ন মুম্বাই ইন্ডিয়ানস ও ২০১৮ আইপিএলের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংসের। আবুধাবির এ ম্যাচ দিয়েই ৪৬ দিনের লম্বা এই টুর্নামেন্ট শুরু হচ্ছে। প্লে–অফের আগে ৫৬টি ম্যাচ আয়োজিত হবে গ্রুপ পর্যায়ে। এর মাঝে ২৪টি ম্যাচ হবে দুবাইয়ে, ২০টি ম্যাচ আবুধাবি। বাকি ১২ ম্যাচ হবে শারজায়। দ্বিতীয় ম্যাচে দিল্লি ক্যাপিটালস-এর মুখোমুখি হবে কিংস ইলেভেন পাঞ্জাব। প্রত্যেক দিন একটি করে ম্যাচ রাখার ব্যবস্থা করা হয়েছে। মাত্র ৮ দিন দুটি করে ম্যাচ হবে। গ্রুপ পর্ব শেষ হবে ৩ নভেম্বর। শুরুর মতো শেষটাও মুম্বাই টানবে। সেদিন তাদের প্রতিপক্ষ সানরাইজার্স হায়দরাবাদ।

