এখন বিশ্বজুড়ে সঙ্কট চলছে। এই সময় কাপড়ের দাম পাচ্ছেন না বলে উদ্বিগ্ন যে তাঁতশিল্পীরা তাঁদের বলি, মমতা বন্দ্যোপাধ্যায় রয়েছেন বলেই চিন্তার কোনও কারণ নেই। বৃহস্পতিবার ৯ এপ্রিল এমনভাবেই আশ্বাস দিলেন ছোটো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোগ ও বস্ত্র দফতরের মন্ত্রী স্বপন দেবনাথ। তিনি বলেন, সকলের সুবিধার জন্য একাধিক পদক্ষেপ করেছেন। কাউকে যাতে অভুক্ত থাকতে না হয় তার ব্যবস্থা করেছেন। এর পাশাপাশি বলব, তাঁতশিল্পী অধ্যুষিত জেলাগুলিতে যে সমবায়, ক্লাস্টার, গ্রুপ অ্যাপ্রোচ রয়েছে তাঁরাও তাঁতশিল্পীদের পাশে দাঁড়াক।

যে মহাজনরা আছেন তাঁরাও সাধ্যমতো তাঁতশিল্পীদের পাশে থেকে খাদ্যসামগ্রী প্রদান করুন। একজন ইতিমধ্যেই এমন ৬০০টি পরিবারের পাশে দাঁড়িয়েছেন। ফলে যে ক্লাস্টার, প্রাথমিক তন্তুবায় সমবায় সমিতি-সহ যারা তাঁতশিল্পীদের থেকে কাপড় নিয়ে তন্তুজ, মঞ্জুষা, বঙ্গশ্রী বা রিফিউজি হ্যান্ডিক্র্যাফটসে সরবরাহ করে, তারা নথিভুক্ত তাঁতশিল্পীদের পাশে দাঁড়াক।

এদিন, নিজের হাতে গড়া দামোদরপাড়া সমাজ কল্যাণ হোম ‘অনাথ ও বৃদ্ধাশ্রম’ মানসিক শান্তি ও বিকাশ কেন্দ্রতে গিয়ে আবাসিকদের পরিষ্কার পরিচ্ছন্নতা বজায় রাখতে বলার পাশাপাশি ভাইরাসনাশক স্প্রে করান মন্ত্রী স্বপন দেবনাথ। প্রায় ৪০০ আদিবাসী পরিবারকে প্রয়োজনীয় সামগ্রী তুলে দেন। পরে কালনায় সরকারি কোয়ারেন্টিন সেন্টারে গিয়ে পরিকাঠামো খতিয়ে দেখেন মন্ত্রী।
