আগামী বিধানসভা নির্বাচনে এ রাজ্যে ১৩ হাজার ৮১৬ টি বুথ বাড়তে চলেছে। রাজ্যে ভোটার তালিকার নিবিড় সমীক্ষা (স্পেশাল ইনটেন্সিভ রিভিশন বা এসআইআর) কবে শুরু হবে, তা এখনও জানায়নি নির্বাচন কমিশন। তার আগেই কমিশনের নির্দেশ মতো স্থির হয়ে গেল রাজ্যের বর্ধিত বুথ সংখ্যা। খসড়া হিসেব অনুযায়ী রাজ্যে ১৩ হাজার ৮১৬টি বুথ বাড়তে চলছে। রাজ্যের প্রত্যেক জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিকের পাঠানো তালিকা অনুযায়ী এমনটাই জানা গিয়েছে। পশ্চিমবঙ্গে বর্তমানে বুথের সংখ্যা ৮০ হাজার ৬৮১। বর্ধিত বুথ যোগ হলে সংখ্যাটা দাঁড়াবে ৯৪ হাজার ৪৯৭।
নিয়ম অনুযায়ী বুথ বিন্যাসের এই নয়া তালিকা ইতিমধ্যে স্বীকৃত রাজনৈতিক দলগুলির কাছে পাঠিয়ে দিয়েছে রাজ্যের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর (সিইও অফিস)। এবার রাজনৈতিক দলগুলির মতামত জানতে সর্বদল বৈঠক ডাকা হবে। এরপর বৈঠকে গৃহীত সংখ্যা নির্ধারণ করে বিজ্ঞপ্তি আকারে তা প্রকাশ করবে কমিশন। এতদিন একটি বুথে সর্বাধিক ১৫০০ ভোটার ভোটদান করতে পারতেন। কালীগঞ্জ বিধানসভার উপ নির্বাচন থেকেই একটি বুথে সর্বাধিক ১২০০ ভোটারের নয়া নিয়ম চালু করে কমিশন। সেই হিসেবেই বাড়তে চলছে রাজ্যের মোট বুথ সংখ্যা। জেলাশাসকদের পাঠানো রিপোর্ট অনুযায়ী, প্রাথমিকভাবে রাজ্যে ১৩ হাজার ৮৫৩টি বুথ নতুন করে তৈরি হবে। মোট ৩৭টি বুথ সংযুক্ত করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি ১,২৫৩টি বুথের পরিকাঠামো নিয়ে দ্রুত সিদ্ধান্ত এবং জেলাশাসকদের রিপোর্ট পাঠিয়ে দেওয়া হবে দিল্লিতে কমিশনের দপ্তরে।
প্রসঙ্গত, সবচেয়ে বেশি বুথ রয়েছে দক্ষিণ ২৪ পরগনার জেলাস্তরের রিপোর্টে। এই জেলায় প্রস্তাবিত বুথ সংখ্যা হল ১০,৪১০। দ্বিতীয় স্থানে রয়েছে উত্তর ২৪ পরগনা (বুথ সংখ্যা ৮,৬৫৮)। এই জেলায় প্রস্তাবিত বুথ সংখ্যা হল ১০,০৫৪। তৃতীয় স্থানে রয়েছে মুর্শিদাবাদ। সেখানে বর্তমান বুথ সংখ্যা ৫,৮৯৫। আর প্রস্তাবিত বুথ সংখ্যা হল ৭,১৪৬। চতুর্থ ও পঞ্চম স্থানে রয়েছে যথাক্রমে হুগলি ও নদীয়া।