দিদির দূত হয়ে পঞ্চমবারের জন্য আলহাজ্ব সেখ মেহবুব রহমান মানুষের দুয়ারে উপস্থিত হলেন। এবার দিদির সুরক্ষা কবজ নিয়ে আলোচনা সভা সারলেন পাণ্ডুয়া ব্লকের বাঁটিকা-বৈঁচী পঞ্চায়েতে। উল্লেখযোগ্য সাড়াও মিলল। রবিবার পাণ্ডুয়া ব্লকের বাঁটিকা-বৈঁচী পঞ্চায়েতের বিভিন্ন স্থানে জেলা সভাধিপতি আলহাজ্ব সেখ মেহবুব রহমান মানুষের সুখ-দুঃখের সাথী হয়ে মানুষের কথা শুনলেন। দুয়ারে উপস্থিত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে তাঁদের সুবিধা-অসুবিধার দিকগুলো খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে, দিদির একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা মানুষ ঠিকঠাক পাচ্ছেন কীনা তাও তিনি দেখলেন।

উল্লেখ্য, এই পঞ্চায়েতে গিয়ে জনসংযোগ সভা যেমন করেছেন, সেইসঙ্গে এই অঞ্চলে কর্মীসভা করতেও ভোলেননি। তাছাড়া এখানকার বি এল মুখার্জি প্রাথমিক স্বাস্থ্যকেন্দ্রে গিয়ে রোগীদের সঙ্গে কথা বলেন এবং পরিষেবা ঠিকঠাক পাচ্ছেন কী না তা খতিয়ে দেখেন। মানুষকে সঙ্গে নিয়ে আশীর্বাদ প্রার্থনা কর্মসূচি পালনও করেন । এমনকি গ্ৰাম সংসদ সদস্যদের নিয়ে আলোচনা সভা সেরেছেন।

প্রসঙ্গত, দূত হিসেবে মানুষের কাছে পৌঁছে মেহবুব সাহেব নিবিড় সম্পর্ক গড়ে তুলেছেন। গ্ৰামের মানুষের সঙ্গে মধ্যাহ্নভোজেও অংশ নেন।

মেহবুব সাহেব বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে মানুষের দুয়ারে দুয়ারে উপস্থিত হচ্ছি। মানুষের হিতার্থে দিদি একগুচ্ছ প্রকল্পের কাজ চালু করেছেন। এর যথার্থ সুবিধা মানুষ পাচ্ছেন কীনা তা দেখা হল আমার লক্ষ্য। তিনি আরো বলেন, আমার সঙ্গে মানুষ আছেন, দলীয় নেতা ও কর্মীরা আছেন। উল্লেখ্য, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নানা প্রকল্প ঘিরে মানুষের উচ্ছ্বাস ছিল দেখার মতো।

প্রসঙ্গত, এদিন জেলা সভাধিপতি আলহাজ্ব সেখ মেহবুব রহমানের সঙ্গে স্থানীয় নেতাকর্মীরা ছাড়াও উপস্থিত ছিলেন পাণ্ডুয়া ব্লক সভাপতি সঞ্জয় ঘোষ ও অঞ্চল সভাপতি বিকাশবাবু।