চলতি বছরেই আসন্ন পঞ্চায়েত নির্বাচন। এর ঠিক পরের বছরই গোড়ার দিকে লোকসভা ভোট। তাই রাজ্যের ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেস দলীয় সংগঠনকে আরও মজবুত করতে প্রতিটি জেলায় নতুন আঞ্চলিক কমিটি ঘোষণা করছে। মূল সংগঠনের পাশাপাশি এবার দলের শাখা সংগঠনগুলিও সাজাচ্ছে শাসক দল। সংগঠনের ব্লক সভাপতিদের নাম আগেই কলকাতা থেকে ঘোষণা করা হয়েছিল। এজন্য প্রতিটি অঞ্চলে কয়েক হাজার কর্মী সমর্থক ও সর্বস্তরের নেতৃবৃন্দকে সাথে নিয়ে চলছে নতুন করে কমিটি গঠন।

প্রসঙ্গত, মঙ্গলবার উদয়নারায়ণপুর বিধানসভা কেন্দ্রের তৃণমূল কংগ্রেস পরিবারের ব্লক কমিটি, মহিলা-ছাত্র-যুব-কিষাণ-ট্রেড ইউনিয়ন-সহ ১৬টি অঞ্চল কমিটি ঘোষণা হল। এদিন উদয়নারায়ণপুর বিধানসভার বিধায়ক তথা হাওড়া গ্রামীণ জেলা তৃণমূল কংগ্রেসের চেয়ারম্যান সমীর পাঁজার উপস্থিতিতে তা ঘোষণা হয়। ২৬০টি বুথের ছাত্র-যুব-মহিলা-মাদার সকলেই উপস্থিত ছিলেন। অঞ্চল ভিত্তিক আলোচনার মাধ্যমেই কমিটি গঠন করা হচ্ছে।

মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়-এর তৎপরতায় জেলায় জেলায় এমন কমিটি গঠন করা হচ্ছে পঞ্চায়েত নির্বাচনের আগে, লক্ষ্য একটাই জনসংযোগ এবং প্রচারসূচি আরো জোরদার করা।

এদিন রায়বাঘিনী রাণী ভবশঙ্করী পর্যটন কেন্দ্রের মাঠে শান্তিপূর্ণ পরিবেশে কমিটি ঘোষণার সঙ্গে সঙ্গে এদিনের আলোচনা সভা থেকেই সমীরবাবু আগামী পঞ্চায়েত নির্বাচনের নির্ঘন্ট বাজিয়ে দিলেন। সেইসঙ্গে বুথে বুথে দলীয় কর্মসূচির রূপরেখা তৈরি করে দেন। এই কর্মসূচি ঘোষণা করার সঙ্গে এলাকায় নেতাকর্মীদের মধ্যে খুশির হাওয়া। একসঙ্গে কাজ করার অঙ্গীকার নিয়ে ভোটে লড়ার ডাক দেন।