বদ্রীনাথ ধামের কেন্দ্রীয় সরকারের মাস্টার প্লান নীতির বিরুদ্ধে অনশন ও ধর্নায় বসল এখানকার একটি ধর্মীয় সংগঠন। গত ১৩ আগস্ট থেকে শুরু হয়েছে কেন্দ্রীয় সরকারের এই নীতি প্রকল্প রূপায়ণে বিরোধিতা।

প্রসঙ্গত, উত্তরাখণ্ডের চামোলি জেলার বদ্রীনাথ ধামকে নতুন করে সাজাতে চায় কেন্দ্রীয় সরকার। এ জন্য একটি মাস্টার প্লান নীতির মাধ্যমে উন্নয়নের কাজ সম্পূর্ণ করতে চায় কেন্দ্রীয় সরকার। আর তার করতে গিয়ে অনেক পুরনো ধর্মশালা, হোটেল ও অন্যান্য দোকান ভেঙে ফেলতে হচ্ছে।

এখানেই বাধ সেধেছে স্থানীয় প্রধান একটি ধর্মীয় সংগঠন। এঁদের অভিযোগ, কেন্দ্র সরকার কোনো আলোচনা ছাড়াই বদ্রীনাথ ধামের কাছে ৭০ মিটার এলাকায় সমস্ত নির্মাণ ভেঙ্গে দিচ্ছে। এর পরিবর্তে কোনো রকম ক্ষতিপূরণ দিচ্ছে না। সংগঠনের দাবি, ক্ষতিগ্ৰস্তদের অবিলম্বে ক্ষতিপূরণ দিতে হবে। তানাহলে অনশন ও বিক্ষোভ চলতে থাকবে।

উল্লেখ্য, কেন্দ্রীয় সরকারের জনবিরোধী মাস্টার প্লান নীতির বিরুদ্ধে চরম ক্ষোভ দেখা দিয়েছে। এমনকি এই নীতির ফলে প্রকৃতির সৃষ্টিকে তোয়াক্কা না করে অবৈজ্ঞানিকভাবে কাজ হচ্ছে যা নীতি বিরোধী। ফলে সৃষ্টির বদলে ধ্বংস হচ্ছে। অলকানন্দার ধারে যেভাবে পাহাড় কেটে রাস্তা হচ্ছে সেটাও ভয়াবহ। এমনকী নদীর সামনে রিভারফ্রন্ট নির্মাণ করা হবে। ক্রমাগত নির্মাণের কারণে এখানকার প্রাকৃতিক ভারসাম্য নষ্ট হচ্ছে। এটা অবিলম্বে বন্ধ করতে হবে। এই দাবিতে অনড় ওই সংগঠন কর্তৃপক্ষ।

সংগঠনের দাবি, এখানকার পুরোহিত, পাণ্ডা ও ধর্মশালাগুলিকে বাঁচাতে কেন্দ্রীয় সরকারের মাস্টার প্লান নীতি প্রত্যাহার করে ক্ষতিপূরণ দিতে হবে।