ভিনরাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকের উপর অত্যাচারের বিরুদ্ধে সোচ্চার হল দেশ বাঁচাও গণমঞ্চ। পাশাপাশি বৈঠকে দাবি ওঠে বাংলায় কথা বলা কি অপরাধ? জবাব চাই, জবাব দাও। ভিন রাজ্যগুলোতে যেভাবে বাঙালি দের উপর চাপ আসছে তা বেদনার । সেই সঙ্গে সীমান্তের ওপারে জোর করে পাঠিয়ে দেওয়া হচ্ছে, তা কোনওভাবেই মানা যায় না।
রবিবার দেশ বাঁচাও গণমঞ্চের সাংবাদিক বৈঠক কলকাতার প্রেসক্লাবে অনুষ্ঠিত হল। এদিন রাজ্যের সাম্প্রতিক অবস্থার পরিপ্রেক্ষিতে গণমঞ্চের প্রতিনিধিরা তাঁদের মূল্যবান মতামত তুলে ধরেন। গণমঞ্চের বক্তাদের মুখ্য আবেদন ছিল গত কয়েক মাস ধরেই আমরা লক্ষ করছি, বিজেপি, আরএসএস এবং সংঘ পরিবারের বিভিন্ন শাখা সংগঠন এই রাজ্যে বাঙালিদের উপর যেভাবে অত্যাচার ও সীমান্ত পার করে দেওয়ার চক্রান্ত করছে তা মানা যায় না। কেন্দ্রীয় সরকারের কাছে দাবি বাঙালিদের উপর পরিকল্পিত অত্যাচার কখনও মেনে নেওয়া যাবে না।

কেন্দ্রীয় সরকার পরিস্থিতি উত্তেজক করে তুলতে চাইছে। চাইছে, রাজ্যের সম্প্রীতির পরিবেশ নষ্ট করে হিন্দু মুসলমানে দাঙ্গা বাধিয়ে রাজনৈতিক ফায়দা লুটতে। বিজেপি সংঘের এটা অতি পরিচিত একটি ঘৃণ্য রাজনৈতিক কৌশল। এর আগেও আমরা দেখেছি, বিভিন্ন রাজ্যে নির্বাচনের প্রাক্কালে সাম্প্রদায়িক বিভাজন করে সংঘ পরিবার ফায়দা লুটতে চেয়েছে। ২০২৬ সালের বিধানসভা নির্বাচনের আগে এই রাজ্যেও সেই একই খেলা খেলতে নেমেছে বিজেপি সরকার। বাংলা এবং বাঙালিকে আর্থিক দিক থেকে নানাভাবে বঞ্চিত করছে কেন্দ্রীয় সরকার। রাজ্যের প্রাপ্য অর্থ তারা দিচ্ছে না। বিভিন্ন প্রকল্পে নানা মিথ্যা অজুহাত দেখিয়ে রাজ্যের জন্য বরাদ্দ অর্থ আটকে রাখছে। রাজ্যপালের মাধ্যমে অবাঞ্ছিত ভাবে রাজ্যের অধিকারে হস্তক্ষেপ করা হচ্ছে। এতদসত্ত্বেও এখনো পর্যন্ত এই রাজ্যে ক্ষমতা অধরাই রয়ে গিয়েছে সংঘ পরিবারের।

এদিন পূর্ণেন্দু বসু জানান, বাংলা ভাষার উপর আক্রমণ ও সব জায়গায় হিন্দি করার প্রয়াস চলছে । কোনো মতেই আমরা এটা মেনে নেব না । আমাদের রাজ্যের মাননীয়া মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বাংলা ভাষা আন্দোলনের ডাক দিয়েছেন। সাংবাদিক বৈঠকে মতুয়া সমাজের পক্ষ থেকে স্বপন সরকার জানান, মতুয়া সমাজের মানুষ এত প্যাঁচপোচ বোঝে না। যেভাবে বাঙালি সমাজের মানুষকে হেয় করা হচ্ছে,তার কোনোভাবেই মেনে নিতে পারা যায় না।
প্রসঙ্গত, এদিন সাংবাদিক বৈঠকে উপস্থিত ছিলেন পূর্ণেন্দু বসু, সৈকত মিত্র, মতুয়া সমাজের স্বপন সরকার, নিশিকান্ত বিশ্বাস, কল্যাণ মন্ডল প্রমুখ।