শনিবার ধর্মতলার কাছে সামাজিক আলোচনা ও গানের মধ্য দিয়ে দেশ বাঁচাও গণমঞ্চের রাখী বন্ধন উৎসব অনুষ্ঠিত হল। এদিন অনুষ্ঠানের মঞ্চে দুপুর ১২টা থেকে ৩টে পর্যন্ত উপস্থিত ছিলেন বিশিষ্ট শিল্পী, সাহিত্যিক, অধ্যাপক, সাংবাদিক এবং বাণিজ্য জগতের গুণীজনরা। উল্লেখ্য, দুপুর ৩টেয় ওই মঞ্চেই প্রকাশিত হয় ‘গণমঞ্চ বার্তা’-র বিশেষ সংখ্যা।

এই সংখ্যার মূল আকর্ষণের বিষয় হল ‘আরএসএস কীভাবে ভারতবর্ষের সংবিধান এবং সমাজকে ধ্বংস করছে’। পূর্ণেন্দু বসু-র সম্পাদনায় এই বিশেষ সংকলনে লিখেছেন অভিরূপ সরকার, শিবাজীপ্রতিম বসু, উদয়ন বন্দ্যোপাধ্যায়, অনুরাধা দেবের মতো বহু বিশিষ্টজন। প্রসঙ্গত, ‘বাংলার সম্মান এবং সম্প্রীতি রক্ষা’-র জন্য দেশ বাঁচাও গণমঞ্চের রাখী বন্ধন অনুষ্ঠান। এছাড়া বিশিষ্ট শিল্পীদের সমন্বয়ে বাংলা গানে জমজমাট হয়ে ওঠে অনুষ্ঠান। সম্মানীয় লেখক ও সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেন “দেশ বাঁচাও গণমঞ্চ”-র প্রতিনিধিরা।

এদিন এই উৎসবে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা দেওয়া হয়। বোনেরা তাদের ভাইদের হাতে রাখি পরিয়ে দেয়, যা ভাইয়ের প্রতি তাদের ভালোবাসা ও সুরক্ষার প্রতীক। বক্তারা জানান, রাখীবন্ধন একটি ঐতিহ্যবাহী উৎসব, যা হিন্দু, জৈন, বৌদ্ধ, মুসলিম, এবং শিখ সহ বিভিন্ন ধর্মের মানুষ পালন করে, এবং এটি বিভেদ ভুলে সকলে একসাথে আসার একটি উপলক্ষ।

১৯০৫ সালে বঙ্গভঙ্গ আন্দোলনের সময় রবীন্দ্রনাথ ঠাকুর এই উৎসবকে ঐক্য ও সংহতির প্রতীক হিসেবে পালন করার আহ্বান জানিয়েছিলেন। প্রতি বছর “দেশ বাঁচাও গণমঞ্চ” এই উৎসবের মাধ্যমে সাম্প্রদায়িক সম্প্রীতি ও সৌহার্দ্যের বার্তা ছড়িয়ে দিতে চায়। তারা এই উৎসবে সকলের ঐক্য ও ভালোবাসার বন্ধন আরও সুদৃঢ় করার আহ্বান জানানো হয়। এদিন পূর্ণেন্দু বসু, দোলা সেন, সৈকত মিত্র ছাড়াও বিশিষ্টজনেরা উপস্থিত ছিলেন।