‘একটি রাখি, একটি প্রাণ’। অভিনব ভাবনা। যে ভাবনায় বন্ধনের পর সৃষ্টি হবে নতুন প্রাণের স্পন্দন। রামনগর অতুল বিদ্যালয়ের ছাত্র ছাত্রীরা অভিনব পরিবেশবান্ধব রাখি তৈরি করে সমাজের বুকে নজির সৃষ্টি করল। প্রত্যেকটি রাখি তৈরি করা হয়েছে একাধিক ফলের বীজ দিয়ে। রাখি বন্ধনের পর এই বীজগুলি মাটিতে রোপন করলে সৃষ্টি হবে নতুন প্রাণের স্পন্দন। অথবা কেউ এই রাখিকে ফেলে দিলেও সেখান থেকে সৃষ্টি হবে নতুন চারা গাছ। কাঁঠাল, কুমড়ো, লিচু, লাউ, সবেদা, আতা ইত্যাদি ফলের বীজ দিয়ে এই পরিবেশবান্ধব রাখিগুলো তৈরি করা হয়েছে।
প্রধান শিক্ষক অমিত আঢ্য এ খবর দিয়ে জানান, সাম্প্রতিক বিভিন্ন ক্ষেত্রে প্রকৃতির রুদ্ররূপ আমরা দেখেছি। এই রুদ্রমূর্তি ধারণ করা প্রকৃতির কাছে আমরা সকলেই অসহায়। সবুজই একমাত্র প্রকৃতির রুদ্র রূপকে শান্ত করতে পারে। তাই সবুজের প্রতি আমাদের আরও সংবেদনশীল হওয়ার প্রয়োজন আছে। এই বার্তা নিয়েই রামনগর অতুল বিদ্যালয়ের সম্প্রীতির রাখি বন্ধন উৎসব অনুষ্ঠিত হল।
অপরদিকে দক্ষিণ ২৪ পরগনার বারুইপুর স্কুলের পড়ুয়ারা নিজস্ব বাগান থেকে বাহারি পাতা, রঙিন ফুল তুলে আনে। মাঠ থেকে সংগ্রহ করে ধানের শিষ। তা দিয়ে নিজেরাই রাখি তৈরি করে। সেই রাখি পরিয়ে সম্প্রীতির নজির গড়ে তোলেন। যা পরিবেশ বান্ধব রাখি হিসেবে পরিচিতি লাভ করেছে। এছাড়া এখানকার আর এক স্কুলও নতুন ধরনের রাখি বানিয়ে চমকে দিয়েছে। মথুরাপুর দু’নম্বর ব্লকের চাপলা নিম্ন বুনিয়াদি বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা উল, কাগজ, সুতো দিয়ে রাখি বানিয়েছে। তারপর তার মধ্যে ভরে দিয়েছে ফলের বীজ। ব্যবহারের পর সে রাখি মাটিতে ফেললে গাছ জন্মাবে। যা উল্লেখ যোগ্য সাড়া জাগিয়েছে।