পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে বইপ্রেমীদের জন্য সুখবর। একদিকে যথোচিত মর্যাদায় শ্রদ্ধার সঙ্গে বিদ্যাসাগরের জন্মদিবস পালন। অপরদিকে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে প্রথম বর্ষের ‘খানাকুল বইমেলা – ২০২৩’-র শুভ উদ্বোধন। আয়োজক রামনগর অতুল বিদ্যালয়। আগামী ২৫ সেপ্টেম্বর গুণীজনদের উপস্থিতিতে বইমেলার শুভ সূচনা হবে। এই মেলা চলবে ২৮ সেপ্টেম্বর পর্যন্ত।
বইমেলার সম্পাদক ও রামনগর অতুল বিদ্যালয়ের প্রধান শিক্ষক অমিত কুমার আঢ্য জানান, সকলের কাছে আমাদের বার্তা — ‘বই পড়ো জীবন গড়ো’। এই বার্তা সমাজে জনমানসে পৌঁছে দিতে প্রথম বর্ষের ‘খানাকুল বইমেলা — ২০২৩’ অনুষ্ঠিত হবে। মেলায় কলকাতার নামিদামী প্রকাশকদের উপস্থিতি আলাদা মাত্রা এনে দেবে। প্রকাশনা সংস্থার প্রকাশিত বিভিন্ন বিষয়ের বই নজর কাড়বে বইপ্রেমীদের। অমিতবাবু আরও বলেন, পণ্ডিত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের জন্মদিবস উপলক্ষে বইমেলার আয়োজন। একদিকে বিদ্যাসাগরকে সম্মান জানানো, অপরদিকে বইপ্রেমীদের ‘বই পড়ো জীবন গড়ো’ সচেতনতার বার্তা পৌঁছে দেওয়া।
উল্লেখ্য, বইমেলা উপলক্ষে ছাত্রছাত্রীদের মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠানের পাশাপাশি আর্কষণীয় প্রর্দশনী থাকছে। সেইসঙ্গে স্কুলের ম্যাগাজিন প্রকাশ অনুষ্ঠান। এছাড়া স্বেচ্ছায় রক্তদান শিবিরের আয়োজন করা হয়েছে। অনুষ্ঠানে উপস্থিত থাকছেন বিশিষ্ট জনেরা। মেলা খোলা থাকবে প্রতিদিন দুপুর ১ টা থেকে সন্ধ্যা ৭ টা পর্যন্ত।