৩ মার্চ ২০২৩ গোবরডাঙায় শুরু হল তিন দিনের লিটল ম্যাগাজিন মেলা। স্টেশন সংলগ্ন রেনেসাঁস ইনস্টিটিউট প্রাঙ্গণে এদিন মেলার উদ্বোধন করেন বিশিষ্ট লিটল ম্যাগাজিন কর্মী সুশোভন রায়চৌধুরী। উপস্থিত ছিলেন লেখক আশিস হীরা, পবিত্র মুখোপাধ্যায়, প্রকাশ দাসবিশ্বাস প্রমুখ। এবছর মেলা দ্বিতীয় বর্ষে পা দিল। গোবরডাঙা গবেষণা পরিষৎ ও গোবরডাঙা রেনেসাঁস ইনস্টিটিউট-এর যৌথ উদ্যোগে এই মেলার আয়োজন।

এ বছর মেলায় সব মিলিয়ে প্রায় ৪০টি পত্রিকা অংশগ্রহণ করেছে। মেলার তিনদিনই লিটল ম্যাগাজিন নিয়ে আলোচনা, কবিতাপাঠ ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। উদ্যোক্তারা জানিয়েছেন, সাধারণ পাঠকের কাছে লিটল ম্যাগাজিনের প্রচার ও প্রসারের উদ্দেশে এই মেলার আয়োজন।