খানাকুলের হেলান রামকৃষ্ণ শিশু বিতানের মনোজ্ঞ পরিবেশে অনুষ্ঠিত হল তিন দিনের বাৎসরিক অনুষ্ঠান। হেলান রামকৃষ্ণ সেবাশ্রমের শাখা রামকৃষ্ণ শিশু বিতানের প্রতি বছরের ন্যায় এবারও গত ২৬ ডিসেম্বর স্বেচ্ছায় রক্তদানের মধ্য দিয়ে অনুষ্ঠানের শুভ সূচনা হয়। তিন দিনের বাৎসরিক অনুষ্ঠানে ছাত্রছাত্রীদের নজরকাড়া গান, আবৃত্তি ও নাটক সকলের হৃদয়কে ঋদ্ধ করে।

২৭ ডিসেম্বর সেবাশ্রমের বার্ষিক উৎসবের ধর্মসভায় সভাপতিত্ব করেন কামারপুকুর রামকৃষ্ণ মঠের স্বামী প্রতিমোক্ষানন্দজী মহারাজ। ২৮ ডিসেম্বর বিদ্যালয়ের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী সভার সভাপতিত্ব করেন সারাটি রামকৃষ্ণ মিশনের সম্পাদক স্বামী প্রাণরূপানন্দজী মহারাজ। বিশিষ্ট অতিথি হিসাবে উপস্থিত ছিলেন শিক্ষক সুকুমার দাস, আঞ্চলিক ইতিহাস বিশেষজ্ঞ ও সাহিত্যিক দেবাশিস শেঠ ছাড়াও অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবর্গ।

সেবাশ্রমের সভাপতি বলাই কুমার খাঁ ও সম্পাদক চন্দ্রনাথ ভট্টাচার্য্য জানান, প্রতি বছর ঠাকুর রামকৃষ্ণ ও সারদা মায়ের অনুষ্ঠান ছাড়াও বছরের বিভিন্ন সময়ে স্কুলের ছাত্রছত্রীদের নিয়ে মনোমুগ্ধকর অনুষ্ঠানও হয়। তাছাড়াও বাৎসরিক অনুষ্ঠান হয়ে থাকে। শিশু বিতানের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক অনন্ত কুমার পাল জানান, বাৎসরিক অনুষ্ঠানের শুভ সূচনা হয় সেবাশ্রমের পতাকা উত্তোলনের মধ্য দিয়ে।পতাকা উত্তোলন করেন স্বামী প্রতিমোক্ষানন্দজী মহারাজ।
২৮ ডিসেম্বর হেলান রামকৃষ্ণ শিশু বিতানের বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠান ও পুরস্কার বিতরণীর মধ্য দিয়ে শেষ হয়।