পশ্চিমবঙ্গ সরকারের যুবকল্যাণ ও ক্রীড়াদপ্তরের উদ্যোগে ১৬ আগষ্ট রাজ্যজুড়ে ‘খেলা হবে’ দিবস পালিত হয়। এদিন রাজ্যের বিভিন্ন প্রান্তে ‘খেলা হবে’ দিবস ঘিরে মানুষের মধ্যে বিপুল উৎসাহ লক্ষ্য করা যায়। এদিন রাজ্যের মন্ত্রী থেকে শুরু করে রাজ্যস্তরের নেতাদেরও ফুটবল পায়ে মেতে উঠতে দেখা যায়। পাশাপাশি এদিন রাজ্যজুড়ে ফুটবল খেলাকে ঘিরে উন্মাদনা ছিল চোখে পড়ার মত।

টালিগঞ্জ বিধানসভার অন্তর্গত কলকাতা কর্পোরেশনের প্রতিটি ওর্য়াডে এদিন ‘খেলা হবে’ দিবস উপলক্ষে বিভিন্ন ফুটবল প্রতিযোগিতার আয়োজন করা হয়। কলকাতা কর্পোরেশনের ১১৩ নং ওর্য়াডের সমস্ত ক্লাবগুলিকে নিয়ে আমন্ত্রনী ফুটবল প্রতিযোগিতার আয়োজন করেন এলাকার পৌর প্রতিনিধি শ্রীমতি অনিতা কর মজুমদার। স্থানীয় সঙ্ঘশ্রী খেলার মাঠে (রাইফেল ক্লাব) ১৩, ১৪ ও ১৬ আগষ্ট তিনদিন ধরে ফুটবল প্রতিযোগিতা তথা ফুটবল ম্যাচের মাধ্যমে ‘খেলা হবে’ দিবস পালিত হয়।

১৩ আগষ্ট ফুটবল ম্যাচের শুভসূচনা করেন টালিগঞ্জের বিধায়ক তথা রাজ্যের ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাস। এদিন উপস্থিত ছিলেন ১১৩ নং ওর্য়াডের পৌর প্রতিনিধি সহ ভারতীয় ফুটবল দলের প্রাক্তন অধিনায়ক অলোক মুখার্জী, এছাড়াও উপস্থিত ছিলেন প্রদীপ দাস, যুগল সাহা, যুব সভাপতি রাজা মাহেশ্বরী, মহিলা সভানেত্রী আরতি চক্রবর্তী, কুট্টি সরখেল, পুলক দত্ত, নটন সিনহা, অলোক দত্ত, স্বপন আচার্য, সুরজিৎ মিস্ত্রি, পার্থ সেন, অমর রায়, রাজদীপ মজুমদার সহ এলাকার বিশিষ্ট নাগরিকগণ। ‘খেলা হবে’ দিবস উপলক্ষে ২ দিন ব্যাপি ফুটবল প্রতিযোগিতার শেষে ১৬ আগষ্ট প্রতিযোগিদের হাতে পুরষ্কার প্রদানের মধ্যে দিয়ে অনুষ্ঠানটি সুসম্পন্ন হয়। এদিন মঞ্চে উপস্থিত ছিলেন বরো ১১ এর চেয়ারম্যান তারকেশ্বর চক্রবর্তী, প্রাক্তন জাতীয় ফুটবল খেলোয়াড়রা সহ অনান্য বিশিষ্ট ব্যক্তি বর্গ। ১১৩ নং ওয়ার্ডের ২৬ টি ক্লাবের ফুটবল প্রতিযোগিতার শেষে এদিন বিজয়ী দল বাঁশদ্রোনী দীনেশ স্মৃতি সংঘ ও বিজীত দল বাঁশদ্রোনী বিবেকানন্দ পার্ক অ্যাসোসিয়েশানের হাতে ট্রফি তুলে দেন এলাকার পৌর প্রতিনিধি শ্রীমতি অনিতা কর মজুমদার।

‘খেলা হবে’ দিবস উপলক্ষে ফুটবল প্রতিযোগিতায় এলাকার মানুষের স্বতঃস্ফূর্ত যোগদান এবং খেলার প্রতি মানুষের যে আবেগ সেদিক থেকে খেলার জন্য এরকম একটি বিশেষ দিনের অবশ্যই প্রয়োজন ছিল বলে মত প্রকাশ করেন এলাকার একাধিক বিশিষ্ট নাগরিকগণ পাশাপাশি ‘খেলা হবে’ দিবস উপলক্ষে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে অসংখ্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন এলাকাবাসী।