৭৯ তম স্বাধীনতা দিবস ও ‘খেলা হবে’ দিবস উপলক্ষে রামনগর বিধানসভার মান্দারপুর সোনালী সংঘের উদ্যোগে ও পরিচালনায় শনিবার মান্দারপুর ফুটবল মাঠে দিবা রাত্রি ফুটবল প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। দিবা রাত্রি ফুটবল প্রতিযোগিতার আনুষ্ঠানিক উদ্বোধন করেন রামনগরের বিধায়ক অখিল গিরি ও সোনালী সংঘের সভাপতি শেখ এলাহি আলি। উদ্বোধন অনুষ্ঠানে বিধায়ক অখিল গিরি ও কাঁথি পৌরসভার পৌরপ্রধান সুপ্রকাশ গিরি প্রতিযোগী দলের খেলোয়াড়দের সঙ্গে পরিচিত হয়ে করমর্দন করে উৎসাহ দেন। এছাড়াও উপস্থিত ছিলেন রামনগর-২ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি সত্য রায়, রামনগর-২ পঞ্চায়েত সমিতির শিক্ষা কর্মাধ্যক্ষ নীলম রায়, রামনগর-১পঞ্চায়েত সমিতির সদস্য দীপক সার ও পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের খাদ্য কর্মাধ্যক্ষ তমালতরু দাস মহাপাত্র প্রমুখ উপস্থিত ছিলেন।

মান্দারপুর সোনালী সংঘের সম্পাদক শেখ ওয়াসিম রহমান জানান, ৭৯তম স্বাধীনতা দিবস ও ক্রীড়া প্রেমী দিবস উপলক্ষে মান্দারপুর সোনালী সংঘের উদ্যোগে ফ্লাইট লাইটের আলোয় আয়োজিত দিন-রাতের ফুটবল প্রতিযোগিতায় জেলার বিভিন্ন প্রান্ত থেকে মোট আটটি ফুটবল দল অংশগ্রহন করে। প্রতিযোগিতায় হলদিয়ার এম আর এফ সি চ্যাম্পিয়ন ও গাবডাঙা তরুণ সংঘ রানার্স হয়। চ্যাম্পিয়ন ও রানার্স দলকে ট্রফি সঙ্গে দশ হাজার ও ছ’হাজার টাকার আর্থিক পুরস্কার তুলে দেওয়া হয়। সোনালী সংঘের দিবা-রাত ফুটবল প্রতিযোগিতাকে ঘিরে ব্যাপক উৎসাহ উদ্দীপনায় ফুটবল মাঠে স্থানীয়দের ভীড় ছিল লক্ষনীয়।