হুগলি গ্ৰামীন পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে ভোট গণনা ও পরবর্তী হিংসার পরিপ্রেক্ষিতে আরামবাগ জুড়ে সকাল থেকেই ১৪৪ ধারা জারি বলবৎ থাকবে। আরামবাগের গণনা কেন্দ্র সহ আরামবাগ পুরনো ও নতুন বাজার, গৌরহাটি মোড়, মনসাতলা, বাসস্ট্যান্ড, মায়াপুর, কাবলে, মলয়পুর, কালীপুর ইত্যাদি এলাকায় একসঙ্গে জমায়েত, কিংবা পাঁচ জনের বেশি লোক একসঙ্গে থাকতে পারবে না। পুলিশ শান্তিশৃঙ্খলা বজায় রাখতেই ১৪৪ ধারা জারি বলবৎ থাকবে বলে জানিয়েছে।
এদিকে আরামবাগে বাজারগুলোতে সবুজ ও গেরুয়া রঙের আবীর কেনার ভিড় জমিয়েছে তৃণমূল ও বিজেপি দুই দলের নেতা — কর্মীরা। আরামবাগ তৃণমূলের সাংগঠনিক জেলার সভাপতি স্বপন নন্দী বলেন, আরামবাগের আকাশ গতবার লোকসভা নির্বাচনে যেমন সবুজে ঢেকেছিল, এবারেও তার ব্যতিক্রম হবেনা। বিজেপির হুগলি জেলার সাংগঠনিক নেতা বিমান ঘোষ জানান, আরামবাগের ৭টি বিধানসভা বেশিরভাগ তাদের দখলে। অতএব আরামবাগ লোকসভা তাদের দখলে নিশ্চিতভাবেই চলে আসবে। কেবলমাত্র সময়ের অপেক্ষা। প্রসঙ্গত, ভোটগণনার সকাল থেকেই আরামবাগে তৃণমূলের পর্যবেক্ষক হিসেবে উপস্থিত থাকবেন ড. শান্তনু সেন।
অপরদিকে মহকুমা শাসকের পক্ষ থেকে জানানো হয়েছে, শান্তিপূর্ণভাবে ভোট গণনা যাতে হয় এজন্য সবরকম প্রস্তুতি নেওয়া হয়েছে। থাকছে কড়া নিরাপত্তা।