আজ ২২শে শ্রাবণ, কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫তম প্রয়াণ দিবস। পূর্ব মেদিনীপুর জেলার নন্দীগ্রামের স্বর্ণময়ী যোগেন্দ্রনাথ মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের ছাত্রছাত্রীদের উদ্যোগে যথাযোগ্য মর্যাদায় কবিগুরুর ৮৫তমপ্রয়াণ দিবসে রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মহাবিদ্যালেয়র অধ্যক্ষ ড. রতন কুমার সামন্ত। রবীন্দ্র স্মরণ অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রতনকুমার সামন্ত বলেন, — বাইশে শ্রাবণ দিনটি বাঙালির কাছে একাধারে শোক ও স্মরণের আবার অন্যদিকে কবির সৃষ্টিকে নতুন করে উপলব্ধি করার দিন। কবিগুরু কেবল একজন কবি নন, তিনি বাঙালির অস্তিত্বের প্রতি স্পন্দনে মিশে আছেন। তাঁর দেখানো পথ, তাঁর মানবিকতার বাণী ও তাঁর শিল্পবোধ আজও আমাদের চলার পথের পাথেয়।

বাইশে শ্রাবণ তাই কেবল শোকের দিন নয়, এদিন তার সৃষ্টি ও দর্শনের আলোয় নিজেদের নতুন করে চিনে নেওয়ার দিন। মহাকালের স্রোতে কবিগুরুর শারীরিক অনুপস্থিতি ঘটলেও বাঙালির মননে ও সংস্কৃতিতে তিনি চির ভাস্বর ও চির অমলিন। তাঁর আলোতেই পথ খুঁজে ফেরে বাঙালি, আজও অনন্তকাল।

এছাড়াও অনুষ্ঠানে বক্তব্য রাখেন বাংলা মহাবিদ্যালয়ের বাংলা বিভাগের প্রধান ড. মধুমিতা বসু। কবিগুরুর কর্মকাণ্ড সম্পর্কে আলোকপাত করেন অধ্যাপক দীপঙ্কর সরকার ও অধ্যাপক ড. পরিমল মন্ডল। মহাবিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, শিক্ষাকর্মী ও ছাত্র-ছাত্রীদের উপস্থিতি ও অংশগ্রহণের মধ্য দিয়ে কবিগুরুর প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।