হুগলিতে নব জোয়ারের ঢেউয়ে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে প্রার্থী পদে নতুন মুখের দেখা মিলল বেশি। ইতিমধ্যে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী হয়েছেন অনেক প্রার্থী পঞ্চায়েত ও পঞ্চায়েত সমিতিতে। সবুজ আবিরে রাঙা হয়েছে বেশ কিছু এলাকা।
প্রসঙ্গত, এবারে ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে এই জেলায় তৃণমূল কংগ্রেসের পুরনো মুখ সরিয়ে নতুন বার্তা দিতে চেয়েছেন দলের সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। অন্যান্য জেলার সঙ্গে হুগলি তার ব্যতিক্রম নয়। উল্লেখ করা যেতে পারে ইতিমধ্যে এই জেলায় তৃণমূল কংগ্রেসের আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পঞ্চায়েতে জয়ী হয়েছেন ৩৯৮ জন প্রার্থী। আসন সংখ্যা আছে ৩৮৮০টি। পঞ্চায়েত সমিতিতে জেলায় ৬১৯টি আসনের মধ্যে ৫৮টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী তৃণমূল।
প্রসঙ্গত, রাজ্যে আসন্ন ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচনে ৬৩,২২৯টি আসনের মধ্যে ৬২৩৮টি আসনের মীমাংসা হয়েছে বিনা প্রতিদ্বন্দ্বিতায়। পঞ্চায়েত সমিতিতে রাজ্যে মোট ৯৭৩০টি আসনের মধ্যে ৭২৯টি এবং জেলা পরিষদে ৯২৮টির মধ্যে ৮টি আসনে প্রতিদ্বন্দ্বিতা হয়নি।
এদিকে জেলায় শুরু হয়েছে দেওয়াল লিখন ও প্রচারের কাজ। বসে নেই বিরোধী দলীয় নেতা ও কর্মীরাও।