পাঁউশি অন্ত্যোদয় অনাথ আশ্রমে আজ বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ৮৫ তম প্রয়াণ দিবস উপলক্ষে রবীন্দ্র প্রণাম অনুষ্ঠান উদযাপন করলো। অন্ত্যোদয় অনাথ আশ্রমের স্থায়ী সাংস্কৃতিক মঞ্চে আশ্রমের ছোট ছোট ছেলেমেয়েরা কবিগুরুর প্রতিকৃতির সামনে ধূপ ও প্রদীপ প্রজ্জ্বলন করে মাল্যদানের মধ্য দিয়ে বিশ্বকবির প্রতি নিজেদের শ্রদ্ধা নিবেদন করে।

আশ্রমের আবাসিক ছোটছোট ছেলেমেয়েরা এরপর একক ও সমবেত নৃত্য, সঙ্গীত ও আবৃত্তি পরিবেশন করে ভাবগম্ভীর অনুষ্ঠানটিকে প্রাণবন্ত ও মনোজ্ঞ করে তোলে। অনাথ আশ্রমের আজকের রবীন্দ্র প্রনাম অনুষ্ঠানে ‘আনকোরা’ নামে একটি সংস্থার সদস্যরাও অংশ নেয়।

অনুষ্ঠানের শেষে সংস্থার পক্ষ থেকে সুপ্রিয় মন্ডল সহ অন্যান্য সদস্যরা অন্ত্যোদয় অনাথ আশ্রমের শিশুদের হাতে আসন্ন শারদোৎসবের জন্য নতুন জামাকাপড় তুলে দেন। সমগ্র রবীন্দ্র প্রনাম অনুষ্ঠানটি পরিচালনা করেন ময়না করণ পাল।