চল্লিশ বছর রাজনীতির সঙ্গে যুক্ত। ছ’বারের বিধায়ক আছি। আমার রাজনৈতিক জীবনে রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মত মানবিক মুখ্যমন্ত্রী দেখিনি। সরকার নয়, রাজ্যের মানুষ রাজ্যের উন্নয়নে আর নিজেদের পাড়ার সমস্যার সমাধান নিজেরাই নিজেদের পাড়ায় বসে সমাধানের জন্য ‘আমাদের পাড়া আমাদের সমাধান’ মানবিক প্রকল্প চালু করেছেন। যা শুধুই রাজ্যে নয়, সারা ভারতে সর্বপ্রথম। রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসু সোমবার রামনগরের রাও স্কুলে আয়োজিত পূর্ব মেদিনীপুরের রামনগর-১ পঞ্চায়েত সমিতি ও রামনগর-১ ব্লকের আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের উদ্বোধন করে এই মন্তব্য করেন। মন্ত্রী সুজিত বসু আরও বলেন, “রাজ্য জুড়ে সাতাশ হাজার ক্যাম্প বা শিবিরের আয়োজন করে রাজ্যের আশি হাজারের বেশি বুথের বাসিন্দা মানুষদের জন্য আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে আট হাজার কোটি সাধারণ মানুষের হাত দিয়েই তাদের সমস্যা, অভাব ও উন্নয়ন নিয়ে তাদের সিদ্ধান্ত ও সমাধানের জন্য বরাদ্দ করেছেন। ”

রামনগর রাও স্কুলে সোমবার রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কজাত রাজ্যের উন্নয়ন কর্মযজ্ঞের নতুন পালক “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচিতে সোমবার রামনগর-১ পঞ্চায়েত সমিতির সাতাশতম ক্যাম্প অনুষ্ঠিত হয়। তালগাছাড়ি১ গ্রাম পঞ্চায়েতের ২৮, ২৯ ও ৩০নং বুথ নিয়ে আয়োজিত আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পের সাতাশতম ক্যাম্পে মন্ত্রী সুজিত বসু ছাড়াও উপস্থিত ছিলেন রামনগরের বিধায়ক অখিল গিরি, কাঁথির মহকুমা শাসক প্রতীক অশোক ধূমল,পূর্ব মেদিনীপুর জেলা পরিষদের সচিব সৌম্য চট্টোপাধ্যায়, রামনগর-১ ব্লক উন্নয়ন আধিকারিক পূজা দেবনাথ, পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার, জেলা পরিষদের সদস্যা শম্পা মহাপাত্র, তালগাছাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের প্রধান রিনু রানি সাউ সহ পঞ্চায়েত সমিতি ও তালগাছাড়ি-১ গ্রাম পঞ্চায়েতের সদস্য সদস্যা ও কর্মীরা।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রচেষ্টায় উন্নয়নের কর্মযজ্ঞের নতুন পালক “আমাদের পাড়া আমাদের সমাধান” কর্মসূচিতে উপস্থিত থেকে সকলকে সরকারের উন্নয়ন যজ্ঞে সামিল হওয়ার আহ্বান জানান রামনগরের বিধায়ক অখিল গিরি। রামনগর-১ পঞ্চায়েত সমিতির সভাপতি নিতাই চরণ সার বলেন, “রাজ্যের মানবিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জনমোহিনী আমাদের পাড়া আমাদের সমাধান প্রকল্পে প্রতিটি বুথে দশ লক্ষ করে টাকা বরাদ্দ করা হয়েছে। বুথের বাসিন্দারা নিজেদের বুথের প্রয়োজন, সমস্যা খতিয়ে দেখে নিজেরাই নিজেদের পাড়ার সমস্যার সমাধানের সিদ্ধান্ত গ্রহণ করে নিজে সমাধান করবেন।”