গত ১১ জানুয়ারি থেকে ‘সুরক্ষা কবজ’ নিয়ে দূত হিসেবে ইতিমধ্যেই তিনটি পঞ্চায়েতে গিয়ে জনসংযোগ ও সভা করে সফল হয়েছেন হুগলির জেলা সভাধিপতি আলহাজ্ব সেখ মেহেবুব রহমান। মঙ্গলবার দিদির একগুচ্ছ প্রকল্পের কাজের পরিষেবা ঠিকঠাক মানুষ পাচ্ছেন কীনা তা দেখার জন্য হাজির হলেন বলাগড় বিধানসভার বাকুলিয়া ধোপাপাড়া পঞ্চায়েতে।

মানুষের সুবিধা অসুবিধার দিকগুলো খতিয়ে দেখার সঙ্গে সঙ্গে তাঁদের নিয়ে বৈঠকে বসেন। এদিন তিনি মানুষের দুয়ারে উপস্থিত থেকে তাঁদের সুখ-দুঃখের সাথী হয়ে সুবিধা অসুবিধার কথা শোনেন। জনসংযোগের পাশাপাশি গ্ৰাম সংসদ সদস্য ও দলীয় কর্মীদের নিয়ে সভা করেন।

এছাড়া মানুষকে সঙ্গে নিয়ে আশীর্বাদ প্রার্থনা কর্মসূচি পালন করেন। এমনকি গ্ৰামের মানুষের সঙ্গে মধ্যাহ্নভোজ ও নৈশভোজেও অংশ নেন।

মেহেবুব সাহেব বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দূত হিসেবে মানুষের দুয়ারে উপস্থিত হচ্ছি। মানুষের হিতার্থে দিদি একগুচ্ছ প্রকল্পের কাজ চালু করেছেন। এর যথার্থ সুবিধা মানুষ পাচ্ছেন কীনা তা দেখা হল আমার লক্ষ্য। আমার সঙ্গে দলীয় কর্মীরা আছেন। সেই সঙ্গে এদিন ছিলেন প্রাক্তন বিধায়ক অসীম মাঝি, নবীন গাঙ্গুলী, পঞ্চায়েত সমিতির সভাপতি পায়েল সরকার, জেলা পরিষদের সদস্য পূজা ধর প্রমুখ। উল্লেখ্য, এদিন জনমানসে উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।