হাতে গোনা আর কয়েকটা দিন। ত্রিস্তর পঞ্চায়েত নির্বাচন। আরামবাগের ছ’টি ব্লকে প্রচার পর্ব তুঙ্গে। রাজ্যে ক্ষমতাসীন তৃণমূল কংগ্রেসের নব জোয়ারের ঢেউ ও উন্নয়ন এখানে মানুষের আস্থা অর্জন করেছে। এবারে যেটা লক্ষনীয় তা হল সালেপুর-১ পঞ্চায়েত ভোটকে কেন্দ্র করে। কারণ একই পরিবারের তিন জন প্রার্থী। তৃণমূল কংগ্রেস, বিজেপি ও সিপিএমের। ভোটাররা যাকেই ভোট দিন না কেন একই পরিবারে গিয়ে জমা হবে। একে ঘিরে উৎসাহ ভোটারদের মধ্যে।
প্রসঙ্গত, একজন দাঁড়িয়েছেন তৃণমূল কংগ্রেসের থেকে অন্যজন ভারতীয় জনতা পার্টি থেকে, অপরজন বামফ্রন্টের সিপিআইএম থেকে। তবে ভোটারা যাকেই ভোট দিন না কেন ভোট যাবে একটি পরিবারেই। সালেপুর-১ নং গ্রাম পঞ্চায়েতের ৪ নং সংসদ এলাকায় তৃণমূলের প্রার্থী হয়েছেন বর্ষিয়ান তৃণমূল নেতা সুফল চানক। ওই বুথে ভারতীয় জনতা পার্টি অর্থাৎ বিজেপির প্রার্থী হয়েছেন সুফল বাবুর ছেলে প্রফুল্ল চানক। অপর প্রার্থী হলেন সুফল বাবুর ভাই সুকুমার চানক। তিনি দাঁড়িয়েছেন সিপিআইএম থেকে।
উল্লেখ্য, বর্ষীয়ান তৃণমূল নেতা সুফল চানক ২০১৩ সালে এই গ্রাম পঞ্চায়েতে প্রতিদ্বন্দ্বিতা করে জয়ী হয়েছিলেন। মানুষের নজর কেড়ে ছিলেন। ২০১৮ সালে সুফলবাবুকে ভোটে দাঁড়ানোর জন্য টিকিট দেয়নি দল। এবার তিনি দলের মনোনীত প্রার্থী।টিকিট পেয়ে প্রতিদ্বন্দ্বিতায় নেমেছেন। স্বচ্ছ ভাবমূর্তির প্রার্থীকে পেয়ে ভোটারদের মধ্যে উৎসাহ লক্ষ্য করা যাচ্ছে। তবুও একই পরিবারের তিন জন তিন দলের প্রার্থী হওয়ায় লড়াই জমে উঠেছে। তাই সকলের লক্ষ্য চানক পরিবারের দিকে।