শুক্রবার পশ্চিমবঙ্গ স্বাস্থ্য ভবনের স্টেট ব্লাড ট্রান্সফিউশন কাউন্সিল (এসবিটিসি)-এর উদ্যোগে যথোচিত মর্যাদায় পালিত হল ‘ওয়ার্ল্ড ব্লাড ডোনার ডে’ বা বিশ্ব রক্তদান দিবস। এদিন উপস্থিত ছিলেন মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। এছাড়াও স্বাস্থ্য সচিব নারায়ণ স্বরূপ নিগম ও স্বাস্থ্য ভবনের কর্তারা ও অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে ৭৭ বারের রক্তদাতা গৌতম বন্দ্যোপাধ্যায়কে সংবর্ধনা প্রদান করা হয়।

উল্লেখ্য, আধুনিক ব্লাড ট্রান্সফিউশনের জন্মদাতা কার্ল ল্যান্ডস্টেইনারের জন্মদিন ১৪ জুন। এই দিনটিকে বিশ্ব রক্তদান দিবস উপলক্ষে পালিত হচ্ছে।

প্রসঙ্গত, এদিন বিশ্ব রক্তদান দিবসে মা মাটি মানুষের রাজ্য সরকারের স্বাস্থ্য ভবন রক্তদানের মধ্য দিয়ে মানুষের পাশে দাঁড়ানোর বার্তা পৌঁছে দিলেন। মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য জানান, সমাজে প্রচুর মানুষ আছেন, যাঁরা বিরল রোগে আক্রান্ত এবং নিয়মিত রক্তের প্রয়োজন। ১৮ বছর বয়স হলে শুধু ভোট নয়, রক্তদানও করা যায়। রক্তদান মানেই আর একজনের জীবন দান। এটা একটা মহতী উদ্যোগ। সকলকে এগিয়ে আসতে হবে। অনুষ্ঠানের অন্যান্য বক্তারাও রক্তদানের গুরুত্ব নিয়ে আলোচনা করেন। এদিন অনুষ্ঠানে উল্লেখযোগ্য রক্তদানের স্বীকৃতি স্বরূপ গৌতম বন্দোপাধ্যায়কে বিশেষভাবে সংবর্ধনা জ্ঞাপন করা হয়। তিনি ৬৫ বছর বয়সে এ পর্যন্ত ৭৭ বার রক্তদান করে নজির স্থাপন করেছেন। উল্লেখ করা যেতে পারে এসবিটিসি ২০ বছর ধরে এই মহতী উদ্যোগের সঙ্গে মানুষের পাশে থেকে কাজ করে যাচ্ছে।