২১ মার্চ অবধি রাজ্যের কোনও আদালতে কোনও বিচারপ্রক্রিয়ায় অংশ না নেওয়ার সিদ্ধান্ত নিলেন রাজ্য বার কাউন্সিলের আইনজীবীরা। আদালত চত্ত্বরে ভিড় কমাতে আগেই কলকাতা হাইকোর্টের তরফে জানানো হয়েছিল, জরুরি শুনানি ছাড়া আর কিছু আপাতত হাইকোর্টে হবে না। ২০ মার্চ পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। কলকাতা হাইকোর্ট ছাড়াও রাজ্যে রয়েছে জেলা, মহকুমা ও বিশেষ আদালতগুলি। রাজ্য বার কাউন্সিল সোমবার ১৬ মার্চ বৈঠকে বসে। সেখানে কাজ বন্ধ রাখার সিদ্ধান্তে সায় দেন আইনজীবীরা। আপাতত ২১ মার্চ অবধি কোনও আদালতেই কাজ করবেন না আইনজীবীরা। ২০ মার্চ পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী পদক্ষেপ ঠিক করা হবে। এর ফলে করোনা-সতর্কতায় কার্যত স্তব্ধ হয়ে যেতে চলেছে রাজ্যের আদালতগুলি।