মাসকয়েক আগে নবীনা সিনেমার পাশ দিয়ে আসার সময় দেখি হলের সামনে থিকথিকে ভিড়। চলছে পুষ্পা-দ্য রাইজ নামে একটি তেলগু ছবির হিন্দি ভার্সান। তারকা-পোস্টার-বিজ্ঞাপন কোনকিছুতেই তেমন কোন চমক চোখে পড়েনি। ছবিটা এখন গোটা দেশে আড়াইশো কোটি টাকারও বেশি ব্যবসা করে ফেলেছে। পুষ্পা’র হিন্দি ভার্সানের ব্যবসা ছাড়িয়ে গেছে আশি কোটি টাকা। দেখেশুনে ২৬শে জানুয়ারির সকালে এই লেখা লিখতে বসে মনে হচ্ছে সত্যিই লোকালে আছে আগামীকাল। আশি কোটি টাকার ব্যবসাও এখন কোন বিগ বাজেট হিন্দি ছবি করতে পারলে বর্তে যায়। পুষ্পা’র হিরো আল্লু অর্জুন এখন হিন্দি ছবির দর্শকদেরও বেশ চেনামুখ।

ওটিটি’র কল্যাণে এখন পছন্দসই সিনেমা দেখা অনেক সহজ। ঘরে ঘরে সিনেমা হল। মনোরঞ্জনই সেখানে একমাত্র মাপকাঠি। আঞ্চলিকতার কোন আওয়াজ দিলে প্যাঁক খেতে হবে। বাংলা, মারাঠি, গুজরাটি, ভোজপুরি ছবির সামনে খুলে গেছে সামনে এগোনোর নতুন রাস্তা। বছর পাঁচেক ধরেই এই প্রবণতা স্পষ্ট। প্রভাসের বাহুবলী ছবিটি দিয়ে এর সূচনা। বাহুবলীর মত এতটা সাফল্য না পেলেও বাংলা ছবি আমাজন অভিযান, মালায়লাম ছবি পালি মুরুগন, কন্নড় ছবি কেজিএফ বা মারাঠা ছবি সাইরাতও খারাপ ব্যবসা করেনি। ষাঁড়ের লড়াই নিয়ে তৈরি মালায়লাম ছবি জালিকাট্টু এবং তামিল ছবি ভিসারানাই তো অস্কার এর বেস্ট ইন্টারন্যাশনাল ফিচার এন্ট্রিতে জায়গা পেয়েছিল। তামিল ছবি কোজাঙ্গল এর সাফল্যও চোখে পড়ার মত। এবছর অস্কারে পাঠানো ১০টি ছবির ৭টিই আঞ্চলিক। দেখুন তেমন কোন হৈচৈ ছাড়াই লোকাল কেমন গ্লোবাল হয়ে উঠছে।

সত্যি বলতে কি, ওটিটি ফিল্ম ডিস্ট্রিবিউশনের ব্যবসার পুরনো ছকটাকেই ভেঙে দিয়েছে। এর পাশাপাশি দেশের মফঃস্বল শহরগুলিতেও ধাক্কা খেয়েছে হিন্দি ছবির একচেটিয়া ব্যবসা। সেখানে কেবল টিভিতে এখন রমরম করে চলছে আঞ্চলিক ছবির হিন্দি ভার্সান। চলছে বলা ভুল, তা রীতিমত দৌড়চ্ছে। মূল ধারার হিন্দি ছবি জনরুচির সঙ্গে তাল মেলানোর জন্য তার সঙ্গে পা মেলাতে বাধ্য হচ্ছে। ওয়ান্টেড, বডিগার্ড, রেডি সাম্প্রতিক সব হিন্দি হিট ছবিগুলি তো তেলগু ছবির রিমেক! অবস্থা যে বদলাচ্ছে তা পাঞ্জাবী, ভোজপুরী, মারাঠি ছবির সংখ্যা বৃদ্ধি দেখেই বোঝা যায়। আঞ্চলিক ছবিও এখন ৫০ কোটি টাকার ব্যবসা করে ফেলছে। পণ্ডিতরা নাক সিঁটাকাতে পারেন, তবে আঞ্চলিক ছবির বৃদ্ধির হাত ধরে দেশটা হিন্দি আধিপত্য সরিয়ে ক্রমেই হয়ে উঠছে — ‘পঞ্জাব সিন্ধু গুজরাট মরাঠা দ্রাবিড় উৎকল বঙ্গ’। যুক্তরাষ্ট্র তো এরকমই। অজিত বিজিতের মত গাঁয়ে মানেনা আপনি মোড়লরা কী ভাবছেন জানিনা, তবে লোকালই এখন আগামীকাল।