করোনার থাবায় এ বছরের জন্য বাতিল হয়ে গেল অমরনাথ যাত্রা । গত ফেব্রুয়ারি মাসে এ বছরের অমরনাথ যাত্রার দিনক্ষণ ঘোষণা করে জম্মু-কাশ্মীর প্রশাসন। স্থির হয়েছিল আগামী ২৩ জুন অমরনাথ যাত্রা শুরু হবে। এবং ৩ আগস্ট যাত্রা শেষ হবে।
প্রতি বছর লক্ষ লক্ষ পুণ্যার্থী অমরনাথ যাত্রায় অংশ নেন। প্রচুর মানুষের মেলবন্ধন তৈরি হয়। কিন্তু করোনা আবহে এ বছরটা সত্যি ব্যাতিক্রম। আগামী ৩ মে লকডাউন উঠে যাওয়ার কথা থাকলেও আদৌ তা হবে কি না সে নিয়ে সংশয় রয়েছে। কারণ ভারতে করোনা সংক্রমণের হার নিয়ন্ত্রণে থাকলেও তা কিন্তু ধীরে ধীরে বাড়ছে। জম্মু-কাশ্মীরের আক্রান্তের সংখ্যা প্রায় ৪০০ ছুঁই ছুঁই।
বুধবার এই পরিস্থিতি পর্যালোচনা করে জম্মু-কাশ্মীরের লেফটেন্যান্ট গভর্নরের উপস্থিতিতে অমরনাথ মন্দির পর্ষদের বৈঠক হয়। সেখানে সর্বসম্মতভাবে এ বছরের জন্য অমরনাথ যাত্রা বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয় ।