চিকিৎসক, স্বাস্থ্য কর্মীদের পাশাপাশি তাঁরাও লড়াই চালাচ্ছেন করোনা সংক্রমণের হাত থেকে সাধারণ মানুষকে বাঁচাতে। আইনশৃঙ্খলা রক্ষার দায়িত্বে থাকা পুলিশ প্রশাসন এখন মানুষের মধ্যে স্বাস্থ্য শৃঙ্খলাবোধ গড়ে তুলতে সদা ব্যস্ত। তাই তাঁদের স্বাস্থ্যের খেয়াল রাখা অত্যন্ত জরুরি। তাঁদের জন্য এগিয়ে এলো আমতা-২ পঞ্চায়েত সমিতি। এই ব্লকের আশা কর্মী, জয়পুর থানার পুলিশ কর্মী এবং সিভিক ভলান্টিয়ারদের জন্য মাস্ক তুলে দিলেন আমতা-২ পঞ্চায়েত সমিতির সভাপতি সুকান্ত পাল।
সুকান্ত পাল নিজে প্রতিদিন বিভিন্ন এলাকা চষে বেড়াচ্ছেন। হাট-বাজার এলাকায় গিয়ে সাধারণ মানুষকে সচেতন করছেন, কেন বাড়িতে থাকাটা অত্যন্ত জরুরি তা বোঝাচ্ছেন নিয়মিত। কতটা দূরত্ব রেখে জিনিসপত্র কিনতে হবে তা বলে-বুঝিয়ে দিচ্ছেন।

তিনি বলেন, করোনার হাত থেকে সমাজকে বাঁচাতে চিকিৎসক, স্বাস্থ্য কর্মীর মতোই পুলিশ প্রশাসন যেভাবে কাজ করে চলেছেন তা ভাষায় প্রকাশ করা যাবে না। আমি কুর্নিশ জানাচ্ছি তাঁদের। একজন জনপ্রতিনিধি হিসেবে তাঁদের পাশে থাকার চেষ্টা করে যাবো।
তাঁর সংযোজন, স্বাস্থ্যই সম্পদ, স্বাস্থ্য সচেতন হওয়া জরুরি-এই বিষয়গুলো অনেকটাই বইয়ের পাতাতেই সীমাবদ্ধ ছিল। এই বিষয়টিকে আমরা সাধারণ মানুষ অত গুরুত্ব দিয়ে দেখার হয়তো চেষ্টা করিনি কখনও। বিশ্বায়নের যুগে সবকিছুই হাতের মুঠোর মধ্যে পেয়ে যাওয়ার আনন্দে বুঁদ হয়ে থাকছিলাম আমরা। করোনার মতো একটা দমকা হওয়া এক লহমায় সেই চিন্তাধারাকে কিছুটা হলেও ওলটপালট করে দিলো। এবার থেকে আরো বেশি করে স্বাস্থ্য সচেতনতার দিকে আমাদের জোর দিতে হবে।