বিলেত থেকে করোনা-আক্রান্ত হয়ে যে আমলা-পুত্র কলকাতায় ফিরে এখন বেলেঘাটা আইডি-তে চিকিৎসাধীন তাঁদের বাড়ি কলকাতার ১০৯ নম্বর ওয়ার্ডে। গোটা পরিবার ভর্তি বেলেঘাটা আইডি-তে। তাঁরা কাদের সংস্পর্শে এসেছিলেন তা খতিয়ে দেখা হচ্ছে। যদিও কাউকে আতঙ্কিত হতে বারণ করেছেন ওই ওয়ার্ডের কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়। তিনি নিজেও মানুষের পাশে থেকে তৎপরতা দেখাচ্ছেন। ফেসবুকে তিনি লিখেছেন, ‘এতক্ষণে সকলেই হয়তো জেনে গেছেন যে, এই রাজ্যে প্রথম করোনা সংক্রামিত ব্যক্তি আমাদের ১০৯ নং ওয়ার্ডের উপহার কন্ডোভিলের বাসিন্দা। আমি তাঁর দ্রুত আরোগ্য কামনা করছি। প্রশাসনের পক্ষ থেকে আক্রান্ত ব্যক্তির পরিবারের সদস্যদের এবং যাঁরা তাদের পরিষেবা দেন তাঁদেরকে আইসোলেশনে রাখার ব্যবস্থা হয়েছে। ফলে সংক্রমণ তৃতীয় ধাপে কমিউনিটির মধ্যে ছড়িয়ে পড়ার আশঙ্কা নেই। তবুও সকলকে অনুরোধ করছি, যদি হাঁচি, কাশি, জ্বর, গলাব্যথার মত উপসর্গ থাকে তবে ১০৯নং ওয়ার্ডের স্বাস্থ্যকেন্দ্রে অথবা বাঙ্গুর হাসপাতাল, বেলেঘাটা আইডি বা পিজি হাসপাতালে ডাক্তারবাবুর পরামর্শ নিন। প্রয়োজনে আমার সঙ্গে যোগাযোগ করুন। অযথা আতঙ্কিত না হয়ে, গুজব ছড়ানোর বিরুদ্ধে পদক্ষেপ নিন। এই ভাইরাসের মোকাবিলায় স্বাস্থ্য দফতর প্রস্তুত আছে। সকলের সচেতন ব্যবহারই একমাত্র এই জীবাণুকে নির্মূল করতে পারে।’