লকডাউনে স্কুল বন্ধ। পরীক্ষা স্থগিত। এই অবস্থায় পড়ুয়ারা ঘরের মধ্যে বন্দি। টিভি দেখতে বা সোশ্যাল মিডিয়াতেই আর কতক্ষণ ভালো লাগে। তাই কেউ পড়ছে গল্প, উপন্যাস। কেউ লেখালিখি করছে নানা বিষয়ে। কেউ কেউ আবার ছবি আঁকা, নাচ-গান বা ছবি তোলাতে ব্যস্ত রাখছে নিজেদের। এতে তাদের মন ফ্রি থাকছে। গ্রাস করতে পারছে না অবসাদ, উদ্বেগ বা আশঙ্কা।

এই সময়েই এক দারুণ কনসেপ্ট আনল রাজ্য শিশু অধিকার রক্ষা কমিশন। করোনা লকডাউনে যে যা সৃজনশীল কাজ করছে তা নিয়েই শুরু হচ্ছে প্রতিযোগিতা করোনা ডায়েরি। বয়সের সীমা ৩ থেকে ১৮। কমিশনের চেয়ারপার্সন অনন্যা চক্রবর্তী জানান, করোনা ডায়েরি বিষয়ের উপর কোনও সৃজনশীল লেখা বা ছবি অনলাইনে কমিশনে পাঠাতে হবে। লেখাটি হবে আড়াইশো শব্দে। এই বিষয়ে ছবি আঁকতে হবে এ-৪ সাইজের কাগজে। ২ মিনিটের ভিডিও ক্লিপ পাঠানো যাবে। পাঠানোর সময়ে সব ক্ষেত্রেই লিখতে হবে নাম, ক্লাস, ঠিকানা। ১৫ এপ্রিলের মধ্যে পাঠাতে হবে wbscpcr@gmail.com বা ৯৮৩৬৩০০৩০০ নম্বরে হোয়াটসঅ্যাপে। সব কিছু আপলোড হবে কমিশনের ওয়েবসাইটে। সেরা ১০টি লেখা ও ছবি প্রকাশিত হবে কমিশনের হুল্লোড় ম্যাগাজিনে।