এবারের ভোট অন্যরকম হবে। মিটিং, মিছিল হবে না। তাই কৌশল বদলাব। মঙ্গলবার ১৬ জুন এ কথা বলেন তৃণমূল কংগ্রেসের বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। কেতুগ্রাম ২ নং ব্লক ও শ্রীখণ্ড কোশীগ্রাম অঞ্চলের বুথভিত্তিক কর্মী সম্মেলনে পর্যবেক্ষক হিসেবে অনুব্রত নির্দেশ দেন, প্রতিটি অঞ্চলে একজন করে পর্যবেক্ষক নিয়োগ করতে হবে। প্রধান, অঞ্চল সভাপতি ছাড়াও ওই পর্যবেক্ষকদের নিয়ে বৈঠক করে রণকৌশল ঠিক করা হবে। কোনও দুর্নীতি বরদাস্ত করা হবে না বলে স্পষ্ট জানিয়ে অনুব্রত বলেন, পয়সা বড়ো কথা নয়, মানুষকে পরিষেবা দিন। দলীয় অনুশাসন মেনে কাজ করতে হবে। কারও বিরুদ্ধে অনিয়মের প্রমাণ মিললে তাঁকে সরিয়ে দেওয়া হবে।

অনুব্রত বলেন, বিজেপি সভাপতি দিলীপ ঘোষ বলেছেন, ২ টাকা কিলো দরে চাল নাকি কুকুর-ছাগলে খায়! বাংলার মানুষকে এভাবে অপমানের অধিকার কি ওঁর আছে? প্রতিটি বাড়িতে গিয়ে মানুষের কাছে এটা জানতে চাইতে হবে। আমরা রাজ্যে ভালো চাল দিই, আমি নিজেও ওই চাল খেয়েছি। নরেন্দ্র মোদীকে মাথামোটা ও ননসেন্স বলে অনুব্রত জানান, নমস্তে ট্রাম্প অনুষ্ঠানে কয়েক হাজার আমেরিকার লোক এনেই করোনা সংক্রমণ বেড়েছে, দেশের এই অবস্থার জন্য মোদীই দায়ী। অমিত শাহ বলছেন, কৃষক-সহ দেশের কয়েক কোটি মানুষকে নাকি তাঁরা এক কোটি, দু কোটি করে টাকা দিয়েছেন! অমিত শাহ লেখাপড়া, যোগ-বিয়োগ জানেন না বলেও কটাক্ষ করেন অনুব্রত।