বাড়ির বাইরে বেরোবেন না, ঘন্টা বাজান আর হাততালি দিন! এটা কোনও করোনা-মোকাবিলার কথা হলো? বাড়ির বাইরে না গেলে মানুষ খাবেন কী? তা নিয়ে তো প্রধানমন্ত্রী কিছুই বলেননি। মানুষের কথা চিন্তা করেন মা-মাটি-মানুষ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি পাশে আছেন, করোনা মোকাবিলা নিয়ে কোনও চিন্তা নাই। তাঁর কথা শুনে কিছুদিন বাড়িতে থাকুন। তিনি সবার কথা ভাবেন বলেই বিনামূল্যে ৫ কেজি করে চাল, গম দেওয়ার কথা বলেছেন। আর কেউ এমন ব্যবস্থা করতে পারেননি। শুক্রবার ২০ মার্চ এ কথা বলেন তৃণমূলের বীরভূম জেলার সভাপতি অনুব্রত মণ্ডল। গোমূত্র খেলে করোনা সারে, বিজেপির এমন আজগুবি তত্ত্ব উড়িয়ে অনুব্রত বলেন, বিজেপি নেতারা খায়? আগে দিল্লির বিজেপি নেতারা খেয়ে দেখাক। ইউরিন নোংরা জিনিস, তা খেয়ে রামদেব অসুস্থ। এরা এভাবে অন্য রোগ আনার তাল করছে। কেউ গুজব ছড়াবেন না, কান দেবেন না। সকলে মানুষকে সচেতন করুন। ব্লক আর অঞ্চল সভাপতিদের বলেছি যাঁরা বাইরে কর্মরত ছিলেন, এমনকী অন্য রাজ্য থেকেও আসছেন তাঁদের বুঝিয়ে পরীক্ষা করাতে। রোগ লুকাবেন না, টেস্ট করতে ক্ষতি তো নাই। মমতা বন্দ্যোপাধ্যায়ের কথা শুনে চলুন, ভালো থাকবেন। করোনা মোকাবিলায় মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে ভেবেছেন, তেমন অন্য রাজ্যগুলি ভাবলে আজ দেশে এমন পরিস্থিতি হতো না বলে দাবি করেছেন অনুব্রত।