বীরভূম জেলার বিভিন্ন এলাকায় খাদ্যসামগ্রী পাঠালেন তৃণমূল কংগ্রেসের জেলা সভাপতি অনুব্রত মণ্ডল। মঙ্গলবার ২১ এপ্রিল বেলা ১২টা নাগাদ বোলপুর থেকে খাদ্যসামগ্রী বোঝাই গাড়িগুলি রওনা দেয়, সবুজ পতাকা নেড়ে অনুব্রত তার সূচনা করেন, ছিলেন মন্ত্রী চন্দ্রনাথ সিনহা-সহ জেলার জনপ্রতিনিরা। অনুব্রত মণ্ডল জানান, অঞ্চল ভিত্তিক দেড়শো বস্তা চাল দেব, ডাল দেব।

প্রতি বুথে ১৫-১৬ বস্তা চাল যাবে। আর আদিবাসী পরিবারকে চাল, ডালের সঙ্গে তেল আর নুনও দেবো। সাফিসিয়েন্ট মাল দেবো, কোনও বুথে কাউকে না খেয়ে থাকতে হবে না। আর বুথে সবাই তো গরিব নন, সবার তাই দরকার নাই। এদিন খাদ্যসামগ্রী পাঠালাম সিউড়ি ও রামপুরহাট মহকুমায়। বোলপুর মহকুমা এবং আউশগ্রাম, কেতুগ্রাম ও মঙ্গলকোটে খাদ্যসামগ্রী পাঠাব ২৩ তারিখ। ২৪ তারিখ পাঠাব সাতটি টাউন এলাকায়। আরও লাগলে আরও দেবো।

আমাদের জেলা গ্রিন জোনে আছে, ভালো জায়গায় রয়েছে সকলের সহযোগিতায়। আমাদের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় করোনা মোকাবিলা করছেন, আমরা তাঁর সৈনিক হিসেবে কাজ করছি। কাউকে যেন অভুক্ত থাকতে না হয় তা নিশ্চিত করছি। অনুব্রত আগেই জানিয়েছিলেন, ৫০ কেজি ওজনের মোট ৩৫ হাজার বস্তা চাল ও ৭২ টন ডাল বিলি হবে।


