সাবিত্রী চট্টোপাধ্যায় ফ্রোজেন শোল্ডারের যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন। তাঁর সঙ্গে দেখা করতে গিয়ে এ কথা জানতে পারেন মন্ত্রী তথা টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস। সোমবার ১৩ এপ্রিল বিকেলে তিনি ডা. রাজেশ প্রামাণিক ও ফিজিওথেরাপিস্ট কৌশিক মালকে নিয়ে বর্ষীয়ান অভিনেত্রীর বাড়ি যান। ডাক্তার দেখেন। ফিজিওথেরাপির পর যন্ত্রণা অনেকটাই কমে। সাবিত্রীদেবী বলেন, সত্যিই ব্যাথাটা অনেকটা কম অনুভব করছি।

এমনিতেই সাধারণ মানুষের মধ্যে ত্রাণ বিলির পাশাপাশি প্রবীণদের খোঁজ রাখছেন রাজ্যের মন্ত্রী তথা টালিগঞ্জের বিধায়ক অরূপ বিশ্বাস। রবিবার ১২ এপ্রিল তিনি ফোন করেছিলেন প্রবাদ প্রতিম অভিনেত্রী সাবিত্রী চট্টোপাধ্যায়কে। ৭৯ বছরের অভিনেত্রী জানান, লকডাউনে তাঁর ঘরে নিত্যপ্রয়োজনীয় জিনিস প্রায় ফুরিয়ে এসেছে।

এর কিছুক্ষণের মধ্যেই প্রয়োজনীয় সামগ্রী নিয়ে বর্ষীয়ান অভিনেত্রীর বাড়ি পৌঁছে যান অরূপ। গিয়ে দেখেন ফ্রোজেন শোল্ডারের যন্ত্রণায় খুব কষ্ট পাচ্ছেন সাবিত্রীদেবী। তারপর সোমবারই বাড়িতে তাঁর চিকিৎসার ব্যবস্থা করলেন অরূপ বিশ্বাস।
