প্রয়াত হলেন রাজ্যের এক করোনা যোদ্ধা। তিনি রাজ্যের সহকারী স্বাস্থ্য অধিকর্তার দায়িত্ব সামলাচ্ছিলেন। শনিবার রাতেই তিনি মারা যান। এই বিশিষ্ট চিকিৎসকের প্রয়াণে গভীর শোক প্রকাশ করেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

টুইট বার্তায় মুখ্যমন্ত্রী বলেন, আমরা ডা. বিপ্লবকান্তি দাশগুপ্তকে হারালাম। তিনি রাজ্যের সেন্ট্রাল মেডিকেল স্টোরের অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর পদে কর্মরত ছিলেন। তাঁর মৃত্যুতে আমরা খুবই বেদনাহত হয়েছি। তাঁর মহান ত্যাগ করোনার মতো মারণ ভাইরাসের মোকাবিলায় যুদ্ধ করতে যোদ্ধাদের আরও দৃঢ় এবং উদ্বুদ্ধ করবে।

প্রসঙ্গত, বিপ্লববাবু গত ১৭ এপ্রিল একাধিক উপসর্গ নিয়ে বেলেঘাটা আইডি’তে ভর্তি হন। তাঁর শরীরে করোনা ভাইরাসের সংক্রমণ ধরা পড়ে। পরে তাঁকে সল্টলেক আমরিতে ভর্তি করা হয়। সেখানে অবস্থার অবনতি হলে তাঁকে ভেন্টিলেশনে রাখা হয়। তারপর গতকাল মধ্যরাতে তাঁর মৃত্যু হয়।