আমি তো গৃহবন্দি। বাড়ি থেকেই কাজ করছি। তবে আপনাকে সারা জায়গায় ঘুরতে হচ্ছে। আপনার জন্য চিন্তা হয়। সাবধানে থাকবেন, ভালো থাকবেন, নমস্কার নেবেন। মঙ্গলবার ৭ এপ্রিল স্কটল্যান্ড থেকে ভিডিও কনফারেন্সে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে এ কথা বলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়। প্রত্যুত্তরে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, মাসিমা-সহ আপনারা সকলে ভালো থাকবেন। আগাম শুভ নববর্ষ জানিয়ে রাখি। বাংলায় মমতা বন্দ্যোপাধ্যায় করোনা পরিস্থিতিতে অর্থনীতিকে চাঙ্গা করতে নোবেলজয়ী এই অর্থনীতিবিদকে রেখে গ্লোবাল অ্যাডভাইসরি বোর্ড ফর কোভিড রেসপন্স গড়েছেন। এদিন বেশ কিছু সাজেশন দেন অভিজিৎবাবু। বলেন, মাস্ক পরে বা নিদেনপক্ষে মুখ্যমন্ত্রীর কথামতো কাপড় বা গামছা জড়িয়ে বাজারে যেতে। বাজারে যেমন মুখ্যমন্ত্রী দাগ কেটে দিয়েছেন তেমন দোকানদার একটা লক্ষ্মণরেখা রাখলে ভালো হয়। বাজারে ঢোকা বা বেরনোর আগে স্যানিটাইজার বা সাবান দিয়ে হাত ধোয়ার ব্যবস্থা রাখতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, এখানে বাজার খোলা আছে। ফুলের বাজার খুলছে। কিষাণ মান্ডি খোলা থাকবে। বাজার কমিটিকে এই ব্যবস্থা রাখতে বলা হবে।

অভিজিৎবাবু বলেন, কোথাও একসঙ্গে অনেক মানুষ কাঁশতে থাকলে সেখানে দ্রুত পরীক্ষা করতে হবে। হয়তো করোনা পজিটিভ আসবে না। কিন্তু নিশ্চিত থাকা যাবে। এই ব্যাপারটাও মুখ্যমন্ত্রী গুরুত্ব সহকারে দেখতে নির্দেশ দিয়ে অভিজিৎবাবুকে বলেন, মাঝেমধ্যে এমন পরামর্শ আপনি আমাদের দেবেন। করোনা মোকাবিলায় একটি ফান্ড গড়তে বলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। মুখ্যমন্ত্রী বলেন, আমরা তা গড়ে কাজ করছি। অনেক সাধারণ মানুষ অল্প টাকা দিলেও তা অনেক বড়ো আমাদের কাছে। আমরা তা দিয়ে কিট কিনছি। আমাদের তো প্রধানমন্ত্রীর ফান্ডের মতো হাজার কোটি করে কেউ দেন না। একজন শুধু পাঁচ কোটি দিয়েছেন যা সর্বোচ্চ। তবে মানুষের ৫০, ১০০ টাকার দান অনেক। মুখ্যমন্ত্রীর গড়া রাজ্য আপদকালীন ত্রাণ তহবিলে দানের আহ্বান জানান অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।