বজবজের তৃমমূল কংগ্রেস নেতা ও জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রীমন্ত বৈদ্যের শোকসভায় পরিবারের পাশে দাঁড়ানোর কথা জানালেন তৃণমূল যুব কংগ্রেস সভাপতি তথা ডায়মন্ডহারবার লোকসভা কেন্দ্রের সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। বজবজ থানার সুভাষ উদ্যানে প্রয়াত জেলা পরিষদের কর্মাধ্যক্ষ শ্রীমন্ত বৈদ্যর স্মরণসভার আয়োজন করা হয়েছিল। এই সভায় শ্রীমন্তবাবুর পরিবারের পাশে দাঁড়ানোর পাশাপাশি তাঁর কাজেরও প্রশংসা করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, শ্রীমন্ত বৈদ্য সর্বদাই বজবজ নিয়ে চিন্তা করতেন। কীভাবে উন্নয়ন হবে বজবজের। কীভাবে সাজানো যায় বজবজকে তা নিয়ে চিন্তা করতেন ও কাজ করতেন। অভিষেকবাবু শ্রীমন্ত বৈদ্যর স্ত্রী প্রিয়াঙ্কা বৈদ্যকে উদ্দেশ করে বলেন, যে কোনও প্রয়োজনে বা অভাব-অভিযোগ থাকলে তিনি যেন তাঁকে বড় ভাই মনে করে সরাসরি বলেন। বড় দাদা হিসাবে তিনি সবসময়ই পাশে দাঁড়াবেন। প্রিয়াঙ্কা সরকারি বা বেসরকারি কাজ করতে চাইলে তার ব্যবস্থাও করে দেওয়ার কথা বলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শ্রীমন্ত বৈদ্যর ছোটো দুই কন্যা রয়েছে। তাদের উচ্চশিক্ষায় শিক্ষিত করার জন্যও সাংসদ পাশে থাকবেন বলে জানান।


