দেশের প্রথম সাংসদ হিসেবে তিনি এমন পদক্ষেপ করেছেন যা প্রকল্প শুরুর আগেই ব্যাপক সাড়া ফেলেছে। ডায়মন্ড হারবার লোকসভা কেন্দ্রে যাতে কেউ অভুক্ত না থাকেন তা নিশ্চিত করতে ‘কল্পতরু’ প্রকল্প ঘোষণা করেছেন সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়। থালা বাজানো নয়, মানুষের থালায় ভাত তুলে দিয়ে তিনি দৃষ্টান্ত তৈরি করছেন। ৪০ হাজার অসহায়, গরিব মানুষকে খাওয়ানোর ভার নিজের কাঁধে তুলে নিয়েছেন। তিনি বলেছেন, আমি সকলের সাংসদ।

যাঁরা ভোট দেননি বা ভবিষ্যতেও দেবেন না তাঁরাও কোনও সঙ্কোচ করবেন না। নাম লেখান। পরিবারের পর আমি আমার লোকসভার সকলের প্রতিই দায়বদ্ধ। সাতটি বিধানসভা ক্ষেত্রে তৃণমূলের সৈনিকরা দল-মত নির্বিশেষে মানুষকে সহযোগিতা করছেন, যাঁরা নিজেরা নাম নথিভুক্ত করাতে পারছেন না তাঁদের সাহায্য করছেন।

শুক্রবার ১০ এপ্রিল অভিষেক জানান, গতকাল থেকে নাম লেখানোর ফোন লাইন খোলা হতেই ২৫ হাজারের বেশি মানুষ নাম লিখিয়েছেন। ১২ এপ্রিল থেকে আমাদের স্বেচ্ছাসেবকরা সকলের বাড়িতে রান্না করা গরম খাবার পৌঁছে দেবেন। তবে একটাই অনুরোধ, যাঁদের সত্যিই এই প্রকল্পের সুফল প্রয়োজন, সেই দুঃস্থ বা অসহায় মানুষেরাই নাম নথিভুক্ত করুন। ডায়মন্ড হারবার লোকসভার কাউকে যাতে ক্ষুধার সঙ্গে লড়তে না হয় তা নিশ্চিত করতে সকলের সহমর্মিতা কাম্য।
