সফট টার্গেট। তাই মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে যা খুশি বলে যাচ্ছেন বাবুল সুপ্রিয়। ফেক নিউজ ছড়াচ্ছেন, অদ্ভুত যুক্তি খাড়া করছেন! চুনী গোস্বামী বেঁচে থাকাকালীন একদিনও খোঁজ নিয়েছেন? বাবুল একটি সংবাদমাধ্যমে কলাম লিখে নিশানা করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়কে। চুনী গোস্বামীকে গান স্যালুট না দেওয়া মুখ্যমন্ত্রী আর ক্রীড়ামন্ত্রীর ব্যর্থতা, অমার্জনীয় ভুল কত কিছুই না বলেছেন! লকডাউনের গভীর রাতে কেন গান স্যালুট দেওয়া হলো না সেই প্রশ্ন তুলছেন! সরকারের বিরুদ্ধে জনমত গড়তে? তা বুকের পাটা থাকলে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জিজ্ঞাসা করুন না, ঋষি কাপুর, ইরফান খানের প্রয়াণের পর শোকবার্তা দিতে যেখানে দেরি হয় না সেখানে চুনী গোস্বামীর জন্য শোকবার্তা উনি কেন লেখেননি? পি কে বন্দ্যোপাধ্যায়ের ক্ষেত্রেও এক অবস্থা হয়েছে। প্রধানমন্ত্রী বা রাষ্ট্রপতি কেন শোক জানালেন না, জানতে চাওয়ার সাহস আছে, বাবুল? চুনী গোস্বামী মারা যান বিকেলে, তার পরদিন সকালে কেন শোক জানিয়ে টুইট করলেন অতি তৎপর রাজ্যপাল? দেরির কারণ রাজ্যপালের কাছে জানতে চান বাবুল।

তাই সস্তা কথা বলে লোক তাতানোর চেষ্টা করে লাভ নেই। বাংলার ক্রীড়াব্যক্তিত্বরা নিজেরাই বলেন, মমতা বন্দ্যোপাধ্যায় যে সম্মান দেন তা নির্বিকল্প। মমতা বন্দ্যোপাধ্যায় চুনী গোস্বামীর জন্য কী করেছেন তা তাঁর পরিবার জানে, বাংলার ক্রীড়াপ্রেমীরা জানে, বাংলার মানুষ জানে। বাংলার মানুষ এটাও জানে বিজেপির দরদ কতটা মেকি আর ঘৃণ্য রাজনীতিতে মোড়া। চুনী গোস্বামীকে যদি আপনি সম্মান করতেন তাহলে তাঁর মৃত্যু নিয়ে রাজনীতি আপনি করতেন না। একজন শিল্পীর বিজেপিতে গিয়ে এতটা অধঃপতন বাংলার লজ্জা!