হাওড়া জেলায় বেশ কয়েকজন করোনা রোগীর সন্ধান মিললেও বালি বিধানসভা কেন্দ্রে একজনও আক্রান্ত নেই। তবু আত্মতুষ্টিতে না ভুগে জোরকদমে চলছে স্যানিটাইজেশনের কাজ। বিধায়ক বৈশালী ডালমিয়া নিজে দাঁড়িয়ে থেকে এই কাজের তদারকি করছেন। তিনি জানান, এই বিধানসভা এলাকায় যেমন শপিং মল আছে, তেমন বস্তি আছে। বালি, বেলুড়, লিলুয়ায় জনঘনত্ব বেশি।

ওয়ার্ড ধরে ধরে সব ওয়ার্ডেই এই স্যানিটাইজেশনের কাজ চলবে। কেউ ভাববেন না যে আমার ওয়ার্ডে হলো না! সব ওয়ার্ডেই হবে, ভালো করেই এ কাজ করা হচ্ছে। সকলে বাড়িতে থাকুন, কষ্ট হলেও। এই সোশ্যাল ডিসট্যান্সিং দরকার আপনার নিজের এবং পরিবারের ভালোর জন্য। আপনাদের পাশে আমরা আছি।

ইতিমধ্যেই ভিনরাজ্যে আটকে থাকা পরিযায়ী শ্রমিকদের আর্থিক সাহায্য করেছেন বৈশালী। বৈশালীর নেতৃত্বে তৃণমূল কংগ্রেসের সৈনিকরা খাদ্যসামগ্রী পৌঁছে দিয়েছেন অসহায়, গরিব মানুষদের কাছে। এমনকী কারখানা বন্ধ থাকায় দিন আনা দিন খাওয়া শ্রমিক, মজুরদের পরিবারের পাশেও সাধ্যমতো সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছেন বৈশালী।

ত্রাণসামগ্রী বিতরণের পাশাপাশি এলাকার প্রবীণদের বাজার বা ওষুধ এনে দেওয়ার কাজও করছে বৈশালীর ‘টিম বালি’। মাকে মানুষের পাশে দাঁড়াতে দেখে ছেলে আদিত্য নিজেও ত্রাণসামগ্রী বিলি করে মানুষের পাশে দাঁড়িয়েছেন।