করোনা সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে ‘বাংলার গর্ব মমতা’ কর্মসূচি অনির্দিষ্টকালের জন্য স্থগিত রাখার সিদ্ধান্ত নিল সর্বভারতীয় তৃণমূল কংগ্রেস। শুক্রবার ২০ মার্চ থেকে এই কর্মসূচির দ্বিতীয় পর্যায় শুরু হওয়ার কথা ছিল প্রথম ধাপ ‘বঙ্গধ্বনি যাত্রা’-র মধ্য দিয়ে। ২০ মার্চ থেকে ৫ এপ্রিল রাজ্যের ২৯৪টি বিধানসভা কেন্দ্রে ১৫ হাজার জনবসতি এলাকার প্রায় ৪০ হাজার কিলোমিটার পথ জুড়ে এই ‘বঙ্গধ্বনি যাত্রা’য় অংশ নেওয়ার কথা ছিল তৃণমূল কংগ্রেস কর্মীদের। ১৫ দিন ধরে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে কথা বলে তাঁদের এই কর্মসূচির অংশীদার করতে নির্দেশ দেওয়া ছিল দলের নেতা-কর্মীদের। দলের তরফে জানানো হয়েছে, ‘বাংলার গর্ব মমতা’য় বাইরে বেরিয়ে, মানুষের কাছে গিয়ে যে প্রচার বা জনসংযোগের কথা বলা হয়েছিল করোনা-পরিস্থিতির মোকাবিলায় পরবর্তী ঘোষণা না অবধি সেই কর্মসূচি স্থগিত থাকছে। সবাইকে অনুরোধ করা হয়েছে, যথাযথ সতর্কতামূলক ব্যবস্থা নিয়ে নিরাপদ থাকার জন্য।
