করোনা ভাইরাস সংক্রমণ ঠেকাতে সতর্কতামূলক পদক্ষেপ করলো বেলুড় মঠ কর্তৃপক্ষ। প্রতিদিনই দেশের বিভিন্ন প্রান্ত থেকে তো বটেই, বিদেশ থেকেও অগণিত ভক্তদের সমাগম হয় পুণ্যভূমি বেলুড় মঠে। দুপুরে ভক্তদের জন্য প্রতিদিন ভোগের ব্যবস্থা থাকে মঠে। আগামী কাল থেকে ১৪ এপ্রিল পর্যন্ত সেই ভোগ বিতরণ বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে মঠ কর্তৃপক্ষ। একই সঙ্গে গেস্ট হাউস বন্ধ থাকছে, বন্ধ থাকছে মিউজিয়াম। পুণ্যার্থীরা বেলুড় মঠে মূল মন্দির দর্শন করতে পারবেন। কিন্তু মঠের অন্য স্থানে ঘোরার ওপর নিষেধাজ্ঞা জারি করেছে মঠ কর্তৃপক্ষ। সন্ধ্যেবেলায় মঠে আরতি দেখতে বহু ভক্ত উপস্থিত হন। কাল থেকে সন্ধ্যারতি দেখার ওপর নিয়ন্ত্রণ করছে মঠ। আরতি দেখার জন্য জয়েন্ট স্ক্রিনের ব্যবস্থা রাখা হয়েছে। সেখানে চোখ রেখেই ভক্তদের আরতি দেখতে হবে। প্রতিদিনই প্রেসিডেন্ট মহারাজকে দর্শন করতে অসংখ্য পুণ্যার্থী আসেন। আগামীকাল থেকে সেই সাক্ষাৎ আপাতত বন্ধ থাকবে। দীক্ষাদানও বন্ধ থাকবে। সব পরিস্থিতি পর্যালোচনা করে পরবর্তী সিদ্ধান্ত জানাবে মঠ কর্তৃপক্ষ।