রাজ্যে গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনা আক্রান্ত হয়েছেন ৩২ জন, ছাড়া পেয়েছেন ৬ জন। ফলে বুধবার ২২ এপ্রিল অবধি করোনা পজিটিভ ৩০০ জন। মৃতের সংখ্যা বাড়েনি। এদিন এ তথ্য জানিয়ে মুখ্য সচিব রাজীব সিনহা বলেন, কলকাতা, হাওড়া, হুগলি, আসানসোল ও শিলিগুড়িতে নতুন করে করোনা আক্রান্তের সন্ধান মিলেছে। সংক্রমণ যাতে না ছড়ায় সে কারণে হাসপাতালগুলির ভিতরে মোবাইল রাখা নিষিদ্ধ করা হয়েছে। কেন্দ্রীয় প্রতিনিধিদলকে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে বলে জানিয়ে মুখ্য সচিব বলেন, তাঁদের সঙ্গে কথা হয়েছে। উত্তরবঙ্গের প্রতিনিধিদলকে প্রয়োজনীয় তথ্য দেওয়া হয়েছে। তাঁরা বলছেন কোথাও ঘোরার দরকার নেই। ব্যবস্থাপনা দেখে তাঁরা সন্তুষ্ট হলেও আমরা বলেছি, কোথাও বেরোতে হলে নিজেদের সুরক্ষিত করে তবেই বেরোবেন। কলকাতার দলটি কলকাতায় ঘুরেছে। জেলায় গেলেও সহযোগিতা করা হবে।