বাংলায় আরও দু’জনের দেহে মিলল করোনাভাইরাস। তাঁদের একজন ব্রিটেন এবং অপরজন ইজরায়েল থেকে ফিরেছিলেন বলে জানা গিয়েছে। বাংলায় এর ফলে আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৯।

ভারতে এখনও পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ৫০৮ জন, যাঁদের মধ্যে এখনও অবধি সুস্থ হয়েছেন ৩৭ জন। মহারাষ্ট্রে আক্রান্তের সংখ্যা ১০০ পার করেছে, মুম্বাইয়ের এক হাসপাতালে ৬৫ বছর বয়সি এক ব্যক্তির মৃত্যু হয়েছে। এর ফলে দেশে ম-তের সংখ্যা বেড়ে হলো ১০। তিনি সংযুক্ত আরব আমিরশাহী থেকে ফিরেছিলেন। করলে আক্রন্তের সংখ্যা ১০০ ছুঁইছুঁই। গুজরাটে ৩৩ জন করোনা আক্রান্ত।

এদিকে, লকডাউনের নির্দেশিকা অমান্য করায় কলকাতা পুলিশ সোমবার ২৩ মার্চ মধ্যরাত পর্যন্ত ২৫৫ জনকে গ্রেফতার করছে। জেলার অনেক জায়গায় পুলিশ তৎপর হয়ে রাস্তায় অকারণে বেরোনো মানুষদের বাড়ি পাঠিয়েছে।

রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় থেকে শুরু করে কলকাতার নগরপাল অনুজ শর্মা বারবার অনুরোধ করেছেন, খুব প্রয়োজন ছাড়া কেউ বাইরে না বেরিয়ে প্রশাসনের সঙ্গে সহযোগিতা করুন। সরকারি নির্দেশ মেনে অত্যাবশ্যকীয় পণ্যের দোকান খোলা রয়েছে।

যদিও অনেকেই সরকারি নির্দেশিকা অমান্য করে বাজারে ভিড় করেছেন। কলকাতার বাজার ফাঁকা থাকলেও ব্যারাকপুরে পানপুর বাজারে ভিড় ছিল উদ্বেগজনক। জমায়েতের খবর পেলেই ব্যবস্থা নিচ্ছে পুলিশ।

